নির্বাচনী সহিংসতায় দগ্ধ পুলিশ কনস্টেবল ইমামের মৃত্যু
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন লক্ষ্মীপুরে নির্বাচনী দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের পেট্রলবোমায় দগ্ধ পুলিশ কনস্টেবল ইমাম উদ্দিন (৪৮) গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মারা গেছেন।
ইমাম উদ্দিন এক মাসেরও বেশি সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইমামের বাবার নাম আলী আকবর। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী। লক্ষ্মীপুর সদর থানার পুলিশ কনস্টেবল ছিলেন তিনি।
হাসপাতাল, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন গত ৪ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জে থানা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন ইমাম। এ সময় দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় কনস্টেবল ইমামের পুরো শরীর দগ্ধ হয়। ওই দিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি।