নির্বাচনী সহিংসতায় নিহত আনসার সদস্যের পরিবার পেল ক্ষতিপূরণ
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় নিহত আনসার সদস্য আবদুল ওয়াহেদের পরিবারকে গত সোমবার ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
সোমবার বিকেল পাঁচটার দিকে নিজ গ্রাম উপজেলার গোবিন্দপুর মুন্সিপাড়ায় ওয়াহেদের মরদেহ দাফন করা হয়। দাফনের পর দিনাজপুর জেলা আনসার ভিডিপির অ্যাডজুটেন্ট এ কে এম জিয়াউল আলম নিহত ব্যক্তির ছেলে আনোয়ার হোসেনের হাতে চেকটি তুলে দেন। এ সময় সেখানে পার্বতীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবদুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ কে এম জিয়াউল আলম জানান, আবদুল ওয়াহেদের পরিবারকে আনসার ও ভিডিপির মহাপরিচালকের দপ্তর থেকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে সোমবার এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে মরণোত্তর পুরস্কারসহ নির্বাচন কমিশন থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
গত রোববার সকাল আটটার দিকে নির্বাচনবিরোধীরা উপজেলার উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স, পেপার ও বুথে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের হামলায় সেখানে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার আবদুল ওয়াহেদ নিহত হন।