নির্বাচনী সহিংসতায় নিহত ৩, আহত ৪৬
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় গোপালগঞ্জ, ঝিনাইদহ, রংপুর, গাইবান্ধা ও বগুড়ায় তিনজন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: মুকসুদপুর (গোপালগঞ্জ): উপজেলায় ইউপি নির্বাচনের পরদিন গত বুধবার উজানী ইউনিয়নের মহাটালী গ্রামে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোলানাথ দাসের (৭০) মৃত্যু হয়েছে। ঝিনাইদহ: ‘আওয়ামী লীগ-সমর্থিত’ চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন জোয়ার্দারের কর্মীরা শনিবার সকাল আটটায় সদর উপজেলার সুরাট ইউনিয়নের দক্ষিণ কাষ্টসাগরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দিচ্ছিলেন। সকাল ১০টায় বেশ কয়েকজন ভোটার ওই কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কবির হোসেনের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। এতে ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে জামিনুর রহমান মারা যান। তিনি কাষ্টসাগরা গ্রামের ইজাহার আলী জোয়ার্দারের ছেলে। ‘বিএনপি-সমর্থিত’ চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল ইসলাম জানান, জামিনুর রহমান তাঁর ভাতিজা। তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী। কবির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।পীরগাছা (রংপুর): শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদম গ্রামের বিজয়ী ইউপি সদস্য আবদুল হাকিমের সমর্থক আ. কুদ্দুস (৫০) ও পরাজিত সদস্য পদপ্রার্থী সিরাজুল ইসলামের সমর্থক মফিজুল ইসলামের মধ্যে ভোট নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মফিজুল ইসলাম ও তাঁর ভাই হারুন লাঠিসোঁটা দিয়ে আবদুল কুদ্দুসকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত নয়টার দিকে তিনি মারা যান। গাইবান্ধা: সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গত শুক্রবার সকাল ১০টার দিকে চকচকা গ্রামের বিজয়ী সদস্য সাহাদুল ইসলাম ও পরাজিত সদস্য পদপ্রার্থী মমিনুল হকের সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুই পক্ষের ১২ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত নজরুল ইসলাম ও তাজুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আদমদীঘি (বগুড়া): ২৭ জুন উপজেলার নসরতপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার মুরইল বন্দরে চেয়ারম্যান পদপ্রার্থী মোকলেছার রহমানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলের অনুষ্ঠানে হামলা চালিয়েছে প্রতিপক্ষ প্রার্থী খন্দকার সামছুল হকের কর্মী-সমর্থকেরা। এতে মোকলেছারের চারজন কর্মী-সমর্থক আহত হন। এ ছাড়া উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছামছুল হকের পক্ষে তাঁর কর্মীদের ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনুছ আলীর কর্মীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুলালের কর্মী-সমর্থকদের হাতে প্রতিপক্ষের মোমেন মণ্ডল ছুরিকাহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হন। গুরুতর আহত মোমেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।