সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় কোহিনূর চৌধুরী (১৮) নামের এক তরুণ নিহত হওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত রোববার একটি হত্যা মামলা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বেখইজোড়া গ্রামের আফজাল মিয়া (৪৫) ও লোকমান মিয়া (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ষষ্ঠ ধাপে উপজেলার পাইকুরাটি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউপির ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সামছুল হক চৌধুরী ও তোফিকুল ইসলাম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সামছুল হকের বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে তৌফিকুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সামছুল হকের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত কোহিনূরকে শনিবার রাতে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রোববার বিকেলে নিহত ব্যক্তির বাবা সামছুল হক চৌধুরী বাদী হয়ে তৌফিকুল ইসলামসহ ২৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে আসামি করে ধরমপাশা থানায় মামলা করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার সকালে বেখইজোড়া গ্রামের পেছনের সড়ক থেকে আফজাল মিয়া ও লোকমান মিয়াকে আটক করা হয়। গতকাল সকালে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।