নির্বাচনী সহিংসতায় পটিয়ায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় স্বামীকে বাঁচাতে গিয়ে হামলায় আহত এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে বড় উঠান ইউনিয়নের শামীরপুর গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে হাজি আবদুস ছোবহানের বাড়ির পাশে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ শাহজাহানের ভাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছের ব্যানার ছেঁড়া পাওয়া যায়। আবদুস ছোবহানের বাড়ির লোকজন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের সমর্থক-কর্মী বলে পরিচিত। শুক্রবার সকালে শাহজাহান ও তাঁর ভাই ইলিয়াছসহ তাঁদের লোকজন ছোবহানের বাড়ির সামনে গিয়ে ব্যানার ছেঁড়ার জন্য ওই বাড়ির লোকজনকে দায়ী করে গালাগাল করেন। পরে জুমার নামাজের পর ওই বাড়িতে হামলা চালানো হয়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আবদুস ছোবহানের স্ত্রী মোহছেনা খাতুন (৫৫) বলেন, ‘আমার ছেলে ওসমান চেয়ারম্যান প্রার্থী দিদারের পক্ষে কাজ করছে। এ জন্য শাহজাহানের লোকজন বাড়িতে এসে ওসমানকে খুঁজতে থাকে। একপর্যায়ে তাঁরা হামলা চালিয়ে ভাঙচুর করে।’
স্থানীয় লোকজন বলেন, হামলার সময় দিদারের সমর্থক আমির হোসেনকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর (আমির) ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেমা বেগম। এই সময় ফাতেমাও আহত হন। আহত হওয়ার পরপরই তাঁর গর্ভপাত হয়ে যায়। পরে আহত অন্যদের সঙ্গে আমির হোসেন ও তাঁর স্ত্রী ফাতেমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে গিয়ে ফাতেমার সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীকে বাঁচাতে গিয়েছিলাম। তখন আমাকেও লাথি মেরেছে। পরে মরা বাচ্চা হয় আমার।’ ফাতেমার স্বামী আমির হোসেনও একই অভিযোগ করেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের সহকারী রেজিস্ট্রার অতসী বড়ুয়া বলেন, ‘ফাতেমাকে হাসপাতালে আনার পর তাঁর সন্তান আমরা দেখতে পাইনি।’ তিনি বলেন, ফাতেমার অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম বলেন, ‘আমার পক্ষে কাজ করায় বিদ্রোহী প্রার্থীরা এ ঘটনা ঘটিয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে শাহজাহানকে ফোন করলে তাঁর চাচাতো ভাই মো. জয়নাল ফোন ধরেন। তিনি বলেন, ‘আমার ভাই নির্বাচনী কাজে এখন ব্যস্ত। তবে আমরা প্রথমে হামলা করিনি। গতকাল জুমার নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে হাজি আবদুস ছোবহানের ঘরের ছাদ থেকে আমাদের ওপর অতর্কিতভাবে ইটপাটকেল ও মরিচের গুঁড়া ছোড়া হয়।’
অন্তঃসত্ত্বা ফাতেমা বেগমকে লাথি মারার অভিযোগ অস্বীকার করে জয়নাল বলেন, ‘ওই নারী তিন দিন ধরে প্রসব বেদনায় ভুগছেন। গতকাল সকাল ১০টায় তাঁর বাচ্চা এমনিই প্রসব হয়েছে।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বাচ্চাটির লাশ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হামলার ঘটনায় কোনো অভিযোগ পাইনি।’