নির্বাচনী সহিংসতায় পুলিশ কর্মকর্তাসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা গ্রামে গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার দুই পরাজিত প্রার্থী ও এক বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলা-পাল্টা হামলায় এক পুলিশের এক কর্মকর্তা, চার সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ফুলছড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে, ষষ্ঠ দফার নির্বাচনের পরদিন গত রোববার উপজেলার গজারিয়া ইউনিয়নে জাতীয় পার্টি সমর্থিত পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য পদপ্রার্থী হাসান আলীর সমর্থকেরা ওই ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আবদুল গনির সমর্থক আজাহার আলীর ঘরবাড়ি ভাঙচুর করেন। তাঁরা আজাহারের গরু-বাছুর নিয়ে যান। এ ঘটনায় আজাহারের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে গত মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটি তদন্তে ওই দিন (মঙ্গলবার) সন্ধ্যা সাতটার দিকে যমুনা নদীর পূর্ব পারে অবস্থিত গলনা গ্রামে যায়। পুলিশের উপস্থিতির কারণে ইউনুস আলী ও হাসান আলীর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর করতে থাকেন। এ সময় পুলিশ কয়েকটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
ওই হামলায় থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন, চার পুলিশ সদস্য এবং নির্বাচিত ইউপি সদস্য গনি ও তাঁর চারজন সমর্থক আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্ধার করে। পরে পুলিশসহ অন্য আহত ব্যক্তিদের উদাখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবদুল গনি ও তাঁর বড় ভাই আবদুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে জামাল উদ্দিন বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ পাঁচ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি দেখিয়ে গতকাল বুধবার থানায় মামলা করেন। মামলার পর গ্রেপ্তার আতঙ্কে ওই গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
এদিকে আবদুল গনির সমর্থকেরা গতকাল বুধবার দুপুরে ইউনুস আলীর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে আগুন লাগিয়ে দেন।
এ ব্যাপারে আবদুল গনি গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষের লোকজন আমার ভাই ও সমর্থকদের বাড়িতে হামলা করেছে।’ এ ব্যাপারে ইউনুস আলী বলেন, ‘নির্বাচিত ইউপি সদস্য গনির সমর্থকেরা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।