নির্বাচনী সহিংসতায় বিদ্যালয় ভাঙচুর
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় তারা ঠাসাঠাসি করে বসে ক্লাস করছে। অনেকে ক্লাস করছে দাঁড়িয়ে। আবার কেউ কেউ জায়গা না পেয়ে বিদ্যালয়ে আসাই বন্ধ করে দিয়েছে।
এলাকার অনেকে ও বিদ্যালয়ের শিক্ষকদের সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। ওই দিন ভোট গণনার সময় সন্ধ্যা সাতটার দিকে কেন্দ্রে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা ব্যালট পেপার ছিনতাইয়ের সময় বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। তারা বিদ্যালয়ের মোট ২১২টি কাঠের বেঞ্চের মধ্যে ৮০টিই ভাঙচুর করে ও পাশের খেত, পুকুরে নিয়ে ফেলে দেয়। এর মধ্যে আগুনেও জ্বালিয়ে দেয় অনেক বেঞ্চ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা একেকটি বেঞ্চে পাঁচজন করে বসে ক্লাস করছে। তার পরও সবার স্থান সংকুলান না হওয়ায় অনেকে পেছনে দাঁড়িয়ে ক্লাস করছে। পঞ্চম শ্রেণীর কক্ষে দেখা গেছে, পেছনে ক্ষতিগ্রস্ত কিছু বেঞ্চের স্তূপ। এর মধ্যেই পাঠদান চলছে।
শিক্ষকেরা জানান, দুর্বৃত্তরা শিক্ষক মিলনায়তনের তিনটি আলমারি, পাঁচটি চেয়ার ও তিনটি টেবিলও ভাঙচুর করেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। তাঁরা জানান, ১৫ মার্চের নির্বাচনের পর ১৮ মার্চ থেকে বিদ্যালয়ে পাঠদান শুরু করা হয়। প্রশাসনের ক্ষয়ক্ষতির আলামত সংগ্রহ করার কারণে ২৫ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের পরিবর্তে বারান্দায় পাঠদান করানো হয়েছে।
শিক্ষকেরা আরও জানান, বিদ্যালয়ে মোট ৪৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬০ থেকে ৭০ জন স্থান সংকুলানের অভাবে বিদ্যালয়ে আসছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মায়া রানী শীল বলেন, ৩১ মার্চ সারা দেশে উপজেলা নির্বাচন শেষ হওয়ার পর কয়েক দফায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করে গেলেও কবে নাগাদ ক্ষতিগ্রস্ত আসবাব মেরামত ও নতুন বেঞ্চ কেনা হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ দেননি।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ প্রথম আলোকে বলেন, ‘হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দূর-রে শাহওয়াজ জানান, বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।