শান্তির দূত সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত
নির্বাচনী সহিংসতা-সংক্রান্ত সমস্যার সমাধান রাতারাতি হবে না

‘পিপল অ্যাগেইনস্ট ভায়োলেন্স ইন ইলেকশনস’ (নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে মানুষ) শীর্ষক শান্তির দূত সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ‘নির্বাচনী সহিংসতা-সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান রাতারাতি হবে না। কিন্তু শান্তির দূত হিসেবে সহিংসতাবিহীন ভবিষ্যৎ নির্বাচনের স্বপ্ন দেখার মাধ্যমে সমাজে আপনারা ইতিবাচক উদাহরণ হয়ে থাকবেন।’
হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ দেশের বিভিন্ন অঞ্চলে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্য থেকে কয়েকজন শান্তির দূত নির্বাচন করেছে, যাঁরা নিজ এলাকায় নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে মানুষকে সচেতন করবেন এবং মানুষের কাছে শান্তির বার্তা বয়ে নিয়ে যাবেন।
শান্তির দূতদের সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। হাঙ্গার প্রজেক্টের সঙ্গে এ আয়োজনে সহযোগিতা করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি ও ইউকেএআইডি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (আইএফইএস)।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সহিংসতায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করে বক্তব্য শুরু করেন মার্শা বার্নিকাট। পরে তিনি মার্কিন লোকসংগীতের শিল্পী পিট সিগারকে উদ্ধৃত করে বলেন, যে মানুষ একমত হচ্ছেন না, তাঁর সঙ্গে কথা বলতে শিখতে পারা খুব গুরুত্বপূর্ণ। একুশ শতকে এই যোগ্যতাটা হারিয়ে যাচ্ছে।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘বিরোধ নিষ্পত্তির জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে আপনার গোষ্ঠীর সঙ্গে কাজ করার জন্য লেগে থাকার মানসিকতা প্রয়োজন। ...আস্থা ও সম্মান অর্জন করতে ভিন্নমতের প্রতি সহনশীলতা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডির মাধ্যমে আপনাদের পাশে রয়েছে।’
সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের বলেন, গণতন্ত্র একেক দেশে একেকভাবে চর্চা করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত—একেক দেশে একেকভাবে গণতন্ত্র কাজ করে। কিন্তু গণতন্ত্রের মূল কথা হলো, রাষ্ট্রের সব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। যেভাবেই গণতন্ত্রের চর্চা হোক না কেন, এই নীতি প্রতিষ্ঠা করতে হবে।
সম্মেলনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের চারজন শান্তির দূত তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা হলেন মো. সাইফুল ইসলাম, সাঈদ মেহেদী, আফরোজা কুসুম ও সিব্বির আহমেদ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাঈদ মেহেদী বলেন, তিনি যখন তাঁর এলাকায় নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে সভার আয়োজন করেছেন, তখন সেখানে বিপুল জনসমাগম হয়েছে। উপস্থিত বেশির ভাগ মানুষ বলেছেন, তাঁরা চান যেন নির্বাচন সুষ্ঠু হয়, ওই সময় যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে তাঁরা মত দিয়েছেন।
হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এদেশীয় পরিচালক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা সবাই সম্মিলিতভাবে দেশকে স্বাধীন করেছি। কিন্তু দেশ আজ বিভক্ত। আমরা একে অন্যের সঙ্গে সহিংসতায় লিপ্ত। যারা এই সহিংসতায় লিপ্ত, তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে।’