নির্বাচনী সাম্প্রদায়িক সহিংসতা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্মূল কমিটির একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায়।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্মূল কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
নির্মূল কমিটির পক্ষ থেকে বলা হয়, তারা নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে। সহিংসতা প্রতিরোধের দাবি জানিয়েছে। এ লক্ষ্যে লিখিতভাবে সাত দফা দাবি পেশ করা হয়েছে।
যশোরের চৌগাছায় কিছু হিন্দু পরিবার সাম্প্রদায়িক সহিংসতার শিকার হওয়ার পর ইসির সামনে এই দাবি তোলা হলো।
নির্মূল কমিটির প্রতিনিধিরা জানান, সিইসি তাঁদের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সচেতন।
শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন ডিসি, এসপি, ওসি। যাঁরা নির্বাচনের দায়িত্বে থাকেন, তাঁদের ইতিহাস ঘেঁটে সাম্প্রদায়িকতার প্রমাণ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বদলি করতে হবে। সাম্প্রদায়িক সহিংসতার শিকার সংখ্যালঘু ভুক্তভোগীরা ভয়ে মামলা করতে চায় না। এ ক্ষেত্রে পুলিশকেই উদ্যোগী হতে হবে।
শামসুদ্দিন চৌধুরী বলেন, জামায়াত নতুন কৌশল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাইছে। তাই এ বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায় মনে করছে, দেশে নির্বাচন না হওয়াই ভালো। এ ধরনের পরিস্থিতি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এবং তা দেশের জন্যও উদ্বেগজনক।
শাহরিয়ার কবির বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নির্বাচকমণ্ডলীর ওপর হামলা ও হত্যাকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। চার দফা নির্বাচনে অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ। গণমাধ্যমের খবর অনুযায়ী, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়-অধ্যুষিত এলাকায় বিশেষভাবে তারা আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছে।
শাহরিয়ার কবির বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে যাঁরা সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল, তাঁদের বদলি করে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি দায়বদ্ধদের দায়িত্ব দিতে হবে। জামায়াতিরা যাতে সহিংতা করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিতে হবে।
জামায়াতিরা কৌশলে ‘আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নও নিচ্ছে’ মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান শাহরিয়ার কবির।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সদস্য ব্যারিস্টার নাদিয়া চৌধুরী।