নির্বাচনী সীমানা নিয়ে ক্ষোভ
চার লাখ ৪৯ হাজার ১৬ জন ভোটার নিয়ে কুমিল্লা-৮ (সদর দক্ষিণ ও বরুড়ার একাংশ) আসনের সীমানা নির্ধারণ করার প্রতিবাদে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নির্বাচন কমিশন ওই সংসদীয় এলাকা নির্ধারণ করে গেজেট প্রকাশের পর থেকে তাঁরা বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয়ে আপত্তি জানিয়েছেন বরুড়া ও সদর দক্ষিণ উপজেলার বাসিন্দারা। গত রোববার ছিল আপিলের শেষ দিন। ওই দিন পর্যন্ত মোট ১০টি আপত্তি জমা পড়েছে বলে জানা গেছে।জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় এক গেজেটে কুমিল্লা-৮ নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাস করে। এতে সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড, বরুড়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নকে একীভূত করা হয়। ওই সীমানা অনুযায়ী সদর দক্ষিণ উপজেলায় দুই লাখ ৫৮ হাজার ৪১২ জন ভোটার রয়েছেন। অন্যদিকে বরুড়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন মিলে এক লাখ ৯০ হাজার ৬০৪ জন ভোটার রয়েছেন।বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ বলেন, ১৯৪৮ সালের ২৪ মার্চ বরুড়া উপজেলা গঠিত হয়। ভৌগোলিকভাবে বরুড়াকে অন্য উপজেলা থেকে পৃথক করেছে লালমাই পাহাড়। পাহাড়ের পশ্চিম পাশের বাসিন্দাদের নিয়েই এই উপজেলা গঠিত। এই উপজেলা স্বতন্ত্র একটি নির্বাচনী এলাকা হিসেবে দীর্ঘদিন থেকেই রয়েছে। তাই একে ভাগ করার বিপক্ষে তিনি।বরুড়ার আগানগর ইউপির চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে উপজেলা অবিভক্ত রাখার পদ্ধতি অনুসরণ করেনি, যে কারণে আমরা আন্দোলন করছি।’ কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে সীমানা নির্ধারণ নিয়ে আপিল করেছি। ২০০৮ সালের সীমানা অনুযায়ী নির্বাচন চাই।’