নির্বাচনী সুবিধার কথা বলে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীকে ‘নির্বাচনী সুবিধা’ পাইয়ে দেওয়ার কথা বলে ম্যাজিস্ট্রেট পরিচয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই প্রার্থী টাকা ফেরত পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাঠি ইউপির আওয়ামী লীগের প্রার্থী মো. ইব্রাহীম হোসেনকে ২৮ মে বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস একটি মুঠোফোন নম্বর দিয়ে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে বলেন। তিনি কথা বললে মুঠোফোনের অন্য প্রান্ত থেকে একজন নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বলেন, তাঁকে দুই লাখ টাকা বিকাশ নম্বরে দিলে তাঁকে (ইব্রাহীম) ভোটে জিতিয়ে দেবেন। কথা অনুযায়ী তিনি কয়েকটি নম্বরে বিকাশ করে দুই লাখ টাকা দেন। তবে নির্বাচিত হতে না পেরে রিটার্নিং কর্মকর্তার কাছে গেলে তিনি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেন। গত বুধবার টাকা ফেরত পেতে ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ইউএনও বরাবর লিখিত আবেদন দেন।
এদিকে সাগরদাঁড়ি ইউপির চেয়ারম্যান প্রার্থী কাজী মোস্তাফিজুল ইসলাম বলেন, নির্বাচনের দিন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস তাঁকেও একটি মুঠোফোন নম্বর দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তিনি যোগাযোগ না করায় ওই দিন বেলা ১১টার পর একজন নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে একইভাবে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। মজিদপুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার বলেন, নির্বাচনের দিন বেলা ১১টার পর তাঁর মুঠোফোনে একজন কল দিয়ে নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। এরপর তিনি দুই লাখ টাকা দিলে ভোটে জিতিয়ে দেবেন বলে প্রস্তাব দেন। তবে তিনি (গোলাম সরোয়ার) এ ধরনের সুবিধা নেবেন না বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, তাঁর কাছে নির্বাচনের চার দিন আগে একজন নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সব চেয়ারম্যান প্রার্থীর মুঠোফোন নম্বর নেন। আর নির্বাচনের দিন সব চেয়ারম্যান প্রার্থীকে তাঁর সঙ্গে যোগাযোগ করানোর জন্য বলেন। তিনি (জিয়াউর) ব্যস্ত আছেন বলে কথা বলতে পারবেন না বললে মুঠোফোনে কথা বলা লোকটি তাঁকে শাসান।
সঞ্জয় কুমার দাস বলেন, নির্বাচনের দিন তাঁর মুঠোফোনে কল দিয়ে একজন নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চেয়ারম্যান প্রার্থীদের তাঁর সঙ্গে যোগাযোগ করানোর জন্য বলেন। এক প্রশ্নের জবাবে সঞ্জয় কুমার বলেন, ‘বিভিন্ন সংস্থার লোকেরা আমার সঙ্গে ওই দিন কথা বলছিলেন। সে অনুযায়ী আমি মুঠোফোন নম্বর দিয়েছি। তবে কাউকে টাকা দেওয়ার কথা তো বলিনি।’ তিনি বলেন, ‘এ ঘটনা ইব্রাহীম আমাকে বলার পর বুঝতে পেরেছি, কেউ প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে।’
ইউএনও শরীফ রায়হান কবির বলেন, ‘আমি ছুটিতে থাকায় বিষয়টি অবগত নই। তবে আমি এ ধরনের ঘটনা ভোটের দিন হয়েছে বলে শুনেছি। এটি প্রতারণার ঘটনা বলে আমার মনে হচ্ছে।’