নির্বাচনে অংশ নিতে চাইলে শেখ হাসিনার অধীনেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ভবিষ্যতে খালেদা জিয়া ও তাঁর দল কোনো নির্বাচনে অংশ নিতে চাইলে শেখ হাসিনার অধীনেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে এক সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন। ঢাকা-১৩ সংসদীয় আসনের অন্তর্গত মোহাম্মদপুর থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহ এ সম্মেলনের আয়োজন করে। 
তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলার মাটিতে আর কোনো দিন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনে। ভবিষ্যতে আপনি (খালেদা) যদি কোনো নির্বাচনে অংশ নিতে চান, তবে শেখ হাসিনার অধীনেই অংশ নিতে হবে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবেন না। আমি উনাকে প্রশ্ন করতে চাই, এখন (উপজেলা নির্বাচন) তিনি কার অধীনে নির্বাচনে গেলেন? আপনার কোনো নীতি নেই, আদর্শ নেই।’
তোফায়েল বলেন, ‘নির্বাচন হয়েছে পাঁচ বছরের জন্য। আপনি (খালেদা জিয়া) পাঁচ বছর অপেক্ষা করেন। সভা-সমাবেশ করেন। জেলায় জেলায় সফর করেন। বক্তৃতা করেন। আমাদের ভুল-ত্রুটি হলে ধরিয়ে দিন।’

খালেদা জিয়ার সংলাপের দাবির প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘আপনি সংলাপের কথা বলেন, আমরা সংলাপের বিরুদ্ধে নই। কিন্তু সেখানে আপনি আবারও পুরাতন দাবি উত্থাপন করবেন।’

বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বলেন, ‘আন্দোলন করে ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করবেন না। আন্দোলন করার ক্ষমতা আপনার নেই। যা ছিল তা আপনি প্রয়োগ করেছেন। কিছুই করতে পারেননি। যদি আন্দোলনের নামে নৈরাজ্য করার চেষ্টা করেন, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর হস্তে দমন করার ব্যবস্থা গ্রহণ করবে। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে নাই। হরতাল-অবরোধ করে খালেদা জিয়া আমাদের অগ্রগতি বন্ধ করতে পারে নাই।’

মোহাম্মদপুর থানার সভাপতি সাদেক খানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।