নির্বাচনে অংশ নিতে পাঁচ বছর অপেক্ষা করতে হবে বিএনপিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে। বিএনপিকে সেই নির্বাচনে অংশ নিতে হলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। ওই নির্বাচনের ব্যাপারে যদি আলোচনা করতে চান, তাহলে সংলাপের জন্য আমরা প্রস্তুত আছি।’

তোফায়েল আহমেদ গতকাল রোববার বিকেলে সাভারে ১৪ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, স্থানীয় সাংসদ এনামুর রহমান, ধামরাইয়ের সাংসদ এম এ মালেক, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহসভাপতি আশরাফ উদ্দিন খান, গণ-আজাদী লীগের মহীদুল ইসলাম, ন্যাপের আবদুর রশিদ সরকার, বাসদের রেজাউর রশিদ খান, তরিকত ফেডারেশনের এম আউয়াল, জাসদের মো. খালেক প্রমুখ।

তোফায়েল আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়া অস্থির হয়ে গেছেন। নির্বাচন না করে তিনি যে ভুল করেছেন, উপজেলা নির্বাচনে অংশ নিয়ে তাঁর প্রমাণ দিয়েছেন। আমরা ১২ জানুয়ারি সরকার গঠন করার পর ২৯ জানুয়ারি সংসদ অধিবেশন বসেছিল। সুতরাং আগামী নির্বাচন ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ নেই।’

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, ‘বিএনপি আবার আন্দোলনের হুমকি দিয়েছে। এদের কোনো লজ্জা-শরম নাই। আন্দোলন করতে গেলে কেউ আসে না।’

তিনি আরও বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তাদের তাড়িয়ে দিয়ে, মানুষ হত্যা করেও কোনো লাভ হয়নি। এত কিছুর পরেও ৪০ ভাগের ওপরে ভোট পড়েছে। আমরা বিজয়ী হয়েছি।’

জনসভা শেষে সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাভারের আকরাইনে পুড়ে যাওয়া অটবির কারখানা পরিদর্শন করেন। তিনি এ সময় দুঃখ প্রকাশ করেন।