নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের পথ সুগম করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘এ দেশের মানুষ ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়। এবারের নির্বাচন হবে উত্সবমুখর পরিবেশে। তাতে সব ভোটার অংশ নেবেন। কেউ যদি ভোটারদের নির্বাচন কেন্দ্রে যেতে বাধা দেয়, তাহলে সেটা গণতন্ত্রের জন্য শুভকর হবে না।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আগামী নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে। আশা করি, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও এ প্রক্রিয়া শুরু করবে। আগামী মধ্য জানুয়ারির মধ্যে বাংলাদেশ একটি নতুন সরকার পাবে।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যারা করেন, তাঁরা প্রত্যেকেই মনোনয়নপত্র কিনতে পারবেন। তবে আমরা চাই, সত্ ও সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়নপত্র কিনবেন।’ আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় ও জমার প্রক্রিয়া চলবে বলে তিনি জানান। তবে প্রয়োজন হলে সময় আরও বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র কেনেন সৈয়দ আশরাফুল ইসলাম। এর পর অন্য প্রার্থীরা মনোনয়নপত্র কেনা শুরু করেন। মনোনয়নপত্র কেনা নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। হাজার হাজার কর্মী-সমর্থক ও মনোনয়নপ্রত্যাশীদের ভিড় ওই কার্যালয়ের সামনে।
মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে হাতাহাতি, আহত ৫
আজ বেলা দুইটার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে ঢাকা-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী আওলাদ হোসেন ও সফিকুল সাইজুল পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন। পুলিশ এবং দলীয় কার্যালয়ে থাকা নেতা-কর্মীরা তাঁদের শান্ত করেন।