নির্বাচনে অংশগ্রহণে এরশাদের সমর্থন ছিল: রওশন
‘৫ জানুয়ারির সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) অংশগ্রহণে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সমর্থন ছিল’ বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
গতকাল রোববার সকালে রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদদের যৌথ সভায় রওশন এ কথা জানান।
এত দিন রওশনের নেতৃত্বে নির্বাচনে থেকে যাওয়া ও এরশাদের নির্বাচন বর্জন করা নিয়ে দলের ভেতরে-বাইরে নানা রকম বিভ্রান্তি ছিল। গতকালের বৈঠকে রওশন যখন এ তথ্য প্রকাশ করেন, তখন স্বামী এরশাদ পাশেই বসা ছিলেন। স্ত্রীর কথার সঙ্গে কোনো দ্বিমত করেননি। বৈঠকে দলের সাংসদ ও সভাপতিমণ্ডলীর সদস্য মিলে মোট ৫৫ জন নেতা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী একাধিক নেতা জানান, দশম সংসদ নির্বাচনে জাপার দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন নেতারা। এ কারণে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা হতাশ ও বিভ্রান্ত হয়েছেন। এতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা বলেন, হয় নির্বাচন বর্জন, না হয় অংশগ্রহণ, যেকোনো একটি অবস্থান নেওয়া উচিত ছিল জাপার।
বৈঠক সূত্র জানায়, দলের সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মসীহ্ ও সালমা ইসলামসহ একাধিক নেতা জাপার সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। একজন সাংসদ বলেন, ‘আমরা মুখে প্রধান বিরোধী দল বলে আত্মতৃপ্তি পাই। কিন্তু গ্রামে-গঞ্জে জাপার প্রকৃত অবস্থান যে কী, তা উপজেলা নির্বাচনে উঠে এসেছে।’
সভায় যখন তখন দলের কমিটি বাতিল করা, কথায়-কথায় দলের নেতাদের বহিষ্কার ও পদোন্নতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন দুজন নেতা। একপর্যায়ে রওশন এরশাদ বলেন, দলীয় চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরাও জাপার রাজনীতি নিয়ন্ত্রণ করেন, এর অবসান হওয়া দরকার।
বৈঠক সম্পর্কে জানতে চাইলে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু প্রথম আলোকে বলেন, ‘অতীতের ভুল, নেতাদের সুখ-দুঃখ, ক্ষোভ-বেদনা এবং দলের নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা হয়েছে। অনেক অপ্রিয় কথাও উঠেছে।’
বেলা সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা এ বৈঠকে ১০ জন নেতা বক্তব্য দেন। দলীয় প্রধান এরশাদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, তাঁর আর চাওয়ার কিছু নেই। এত দিন একাই দল চালিয়েছেন। এখন অন্যের সহযোগিতা দরকার।
সভার মধ্যাহ্নবিরতিতে সাংবাদিকদের ব্রিফিং করেন জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, গণতন্ত্রের পথে জাতীয় পার্টির নতুন যাত্রা আজ থেকে শুরু হয়েছে। দলকে সংগঠিত করতে আগামী ডিসেম্বরে দলের কাউন্সিল হবে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতা নির্বাচিত হবেন। এর আগে মে অথবা জুন মাসে সারা দেশে গণসংযোগ করা হবে।
সভায় জাপার সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মুজিবুল হক ও মসিউর রহমান, আবদুস সবুর, আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। জি এম কাদের, দেলোয়ার হোসেন ও সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার সভায় অংশ নেননি।