নির্বাচনে অনিয়ন্ত্রিত অর্থের ব্যবহার চলছে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে অনিয়ন্ত্রিত অর্থের ব্যবহার চলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ জন্য নির্বাচন কমিশনের ওপর সব দায়িত্ব ছেড়ে না দিয়ে মানসিকতার পরিবর্তন ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্যপদ গ্রহণ উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিত অর্থের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে তা সবার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অদূর ভবিষ্যতে সৎ ও ভালো মানুষ নির্বাচন করতে আগ্রহ হারিয়ে ফেলবে।
প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এর আগে সেনা মোতায়েন ছাড়াই নয়টি সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন দেখেন না তিনি।
আগামী ডিসেম্বরের মধ্যে কর্ণফুলী টানেল নির্মাণকাজ শুরু হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। টানেল এখন কোনো স্বপ্ন নয়, বাস্তব।
চট্টগ্রামের বর্তমান সৌন্দর্য নিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামের মায়াবী রূপ বিলবোর্ডে ঢেকে গেছে।
ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি, আইনজীবী, সাংবাদিক সবখানেই শুধু ওয়াল (দেয়াল)। কোথাও ব্রিজ (সেতু) নেই। মানুষে মানুষে শুধু ওয়াল। দু-তিনটা প্রশ্নে কি আমরা এক হতে পারি না?’