জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে প্রার্থীর মনোনয়নপত্র জমা ও নির্বাচনসংশ্লিষ্ট অভিযোগ দাখিলের ব্যবস্থা করার চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ-সংক্রান্ত একটি প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষার জন্য কারিগরি কমিটিতে পাঠিয়েছে ইসি। কমিশন প্রস্তাবটি অনুমোদন করলে আগামী সংসদ নির্বাচনে এই সুযোগ দেওয়া হবে।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের অনেকে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান করার পরামর্শ দিয়েছিলেন। অনেক সময় নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রার্থী প্রতিপক্ষের বাধার মুখে পড়েন। অনলাইনে মনোনয়নপত্র জমার বিধান হলে এ সমস্যা হবে না বলে মনে করছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রস্তাবে বলা হয়, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল থাকবে। এটি হলে মনোনয়নপত্র বাছাইসহ অন্যান্য কাজ নির্ধারিত সময়ে ও নির্ভুলভাবে করা যাবে।
অনলাইনে অভিযোগ দাখিলের ব্যবস্থা করার প্রেক্ষাপট বর্ণনা করে ইসি সচিবালয়ের প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন পর্যায়ে প্রার্থীরা নানা ধরনের অভিযোগ করেন। অনেক সময় দেখা যায় রাজনৈতিক প্রতিকূলতার কারণে অভিযোগকারী সঠিক সময়ে অভিযোগ দিতে পারেন না। আবার অনেক সময় অভিযোগ সম্পর্কে ইসির উচ্চপর্যায় জানতে পারে না।
প্রস্তাবে বলা হয়েছে, অনলাইনে অভিযোগ দাখিলের ব্যবস্থা থাকবে। সেখানে নিজের নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট নিবন্ধন করা যাবে। এই অ্যাকাউন্ট থেকে অভিযোগ বা পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে। পরবর্তী সময়ে অভিযোগকারী নিজের অ্যাকাউন্ট থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে পারবেন।
জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, এই প্রস্তাবগুলো গতকাল নির্বাচন কমিশনের বৈঠকে তোলা হয়। কমিশন প্রস্তাবগুলো কারিগরি কমিটিতে পাঠিয়েছে। কমিটি যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে আবার কমিশনে প্রস্তাব পাঠাবে। কমিশন প্রস্তাব অনুমোদন করলে আগামী নির্বাচনে এসব প্রস্তাব বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণ-ব্যবস্থাও অনলাইনভিত্তিক করার প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন ভোট শুরু হওয়ার পর থেকে ঘণ্টায় ঘণ্টায় ফোনে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এটি সময়সাপেক্ষ। এ ক্ষেত্রে প্রস্তাবিত পদ্ধতিতে প্রিসাইডিং কর্মকর্তা মোবাইল ফোন থেকে ইসি সচিবালয়ের জন্য নির্ধারিত শর্টকোডে এসএমএসের মাধ্যমে কেন্দ্রের অবস্থা জানাতে পারবেন। ইসির সার্ভারে ম্যাসেজগুলো জমা হবে। ইসি ও সচিবালয়ের কর্মকর্তারা সারা দেশের নির্বাচনী কার্যক্রম অনলাইনে পর্যবেক্ষণের সুযোগ পাবেন।
এ ছাড়া বিভিন্ন নির্বাচনের তফসিল-সংক্রান্ত তথ্যের একটি ডেটা বেইস করা, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার ক্ষেত্রে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমভিত্তিক (জিআইএস) অ্যাপ ব্যবহার করা, নির্বাচন কমিশন সচিবালয় ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক স্থাপন করাসহ প্রস্তাব করা হয়েছে।
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, এটি নিঃসন্দেহে ইসির ইতিবাচক উদ্যোগ। সুজন দীর্ঘদিন থেকে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান করার দাবি করে আসছে। এটি হলে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় যে বাধার সৃষ্টি হয় তা দূর হবে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে প্রার্থীদের হলফনামা পাওয়া যাবে। তিনি মনে করেন, অনলাইনে অভিযোগ দাখিলের ব্যবস্থা করে তা শুধু সার্ভারে রেখে দিলে হবে না। তা দেখে ত্বরিত ব্যবস্থা নিতে হবে।