নির্বাচনে আগুন-সন্ত্রাসীদের ছাড় নয়: ইনু
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে আগুন-সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না।
আজ শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গি ও আগুন-সন্ত্রাসের আশ্রয়দাতা’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসী, আগুন-সন্ত্রাসীরা গণতন্ত্র থেকে দূরে সরে গেলে, রাজনীতি থেকে দূরে সরে গেলে, গণতন্ত্র ও রাজনীতি দুর্বল হয় না; বরং শক্তিশালী হয়।’ আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নির্বাচন যথাসময়ে করতে হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আগুন সন্ত্রাসীদের হালাল করা যাবে না। নির্বাচনও সময়মতো করব, সন্ত্রাসীদেরও ছাড় দেওয়া হবে না।’
প্রতিনিধি সভায় সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ সভাপতিত্ব এবং সিলেট জেলার সাধারণ সম্পাদক কে কিবরিয়া চৌধুরী সঞ্চালনা করেন।