নির্বাচনে উৎসাহ নেই, আছে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার তিনটি পৌরসভায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা ঘুম হারাম করে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। কিন্তু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি। বরং শেষ পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
গাইবান্ধার তিনটি পৌরসভা ঘুরে দেখা গেছে, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত। তাঁরা সূর্য ওঠার আগে বাড়ি থেকে বের হচ্ছেন। দিনভর ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভোট চাইছেন, দোয়া করতে বলছেন। কোনো কোনো প্রার্থী কর্মী বাছাইয়ে ব্যস্ত। কিন্তু প্রার্থীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মধ্যে তা খুঁজে পাওয়া যায়নি।
গাইবান্ধা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোটার কলেজছাত্র আলমগীর হোসেন বলেন, ‘গত পৌর নির্বাচনে অনেক প্রার্থীই খাদেম হয়ে জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু নির্বাচিত হওয়ার পর আর তাঁদের চেহারাই দেখা যায়নি। তাই এবার প্রতিশ্রুতিতে না ভুলে যোগ্য প্রার্থী দেখে ভোট দেব।’
একই চিত্র সুন্দরগঞ্জ পৌরসভাতেও। নাম প্রকাশে অনিচ্ছুক এ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক ভোটার বলেন, ‘গত ৫ জানুয়ারির নির্বাচনের যে চিত্র দেখেছি, তা মনে হলে গা শিউরে ওঠে। তার ওপর এবারই প্রথম দলীয়ভাবে পৌরসভা নির্বাচন হচ্ছে। ভয় লাগছে।’
এ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটার রিকশাচালক আউয়াল মিয়া (৩৮) বলেন, তাঁর ভাষায় ‘ভোট দিয়া তো হামারঘরে উননোতি হয় না। যামরা ভোটোত জেতে, তামরা বড়োনোক হয়। ভোট দিব্যার যামো কি না চিনতে করব্যার নাগচি।’
উন্নয়ন প্রসঙ্গে বর্তমান মেয়র আবদুল্লাহ আল মামুন (আওয়ামী লীগ) বলেন, ‘আগের মেয়র বরখাস্ত হওয়ায় সাত মাস আগে উপনির্বাচন করে জয়ী হয়েছি। এই অল্প সময়ে উন্নয়নের জন্য তেমন কোনো বরাদ্দ পাইনি। ফলে পৌরসভার উন্নয়ন করা সম্ভব হয়নি। তবে সুষ্ঠুভাবে ভোট হবে বলে আশা করছি।’
গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার স্কুলশিক্ষক জাহিদুল ইসলাম বললেন, সবাই এলাকার উন্নয়নের কথা বলে ভোট নেন। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তাঁরা নিজের উন্নয়নেই ব্যস্ত থাকেন। তখন জনগণের দিকে কেউ আর তাকান না।
এবার তিনটি পৌরসভায় ৮৬ হাজার ৫০০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে গাইবান্ধা পৌরসভায় ৪৬ হাজার ৩৮১ জন, গোবিন্দগঞ্জে ২৭ হাজার ৬৪৪ জন এবং সুন্দরগঞ্জের ১২ হাজার ৫০৪ জন।