নির্বাচনে কারচুপি করতেই ভোট কেন্দ্র স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটি পুরাতন ভোটকেন্দ্র বাতিল করে পছন্দমতো এলাকায় তা স্থানান্তরের মাধ্যমে কারচুপির ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী। তাঁরা আগের কেন্দ্র বহালের দাবি জানিয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সস্মেলনে চন্দনবাইশা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী কুদরত-ই-খুদা ছাড়াও স্বতন্ত্র তিন প্রার্থী শাহাদৎ হোসেন, আবদুর রাজ্জাক এবং শাহ জিহাদুল ইসলাম অভিযোগ করেন, চন্দনবাইশা ইউনিয়নে অতীতের সব নির্বাচনে নওখিলা পিএন উচ্চবিদ্যালয়ে দুটি এবং চন্দরবাইশা আয়েশা ওসমান বালিকা বিদ্যালয়ে একটি ভোটকেন্দ্র ছিল। এই তিনটি ভোটকেন্দ্রে যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা ভালো হওয়ায় অতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো ঘটনা ঘটেনি। অথচ এবারের ২২ মার্চের ইউপি নির্বাচন সামনে রেখে এই তিনটি ভোটকেন্দ্র বাতিল করে নদীর কাছাকাছি এলাকায় স্থানান্তর করা হয়েছে। স্থানান্তর করা এসব ভোটকেন্দ্রে যাতায়াতের কোনো রাস্তা নেই।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, চন্দনবাইশা ইউনিয়নের দুটি ওয়ার্ড বাদে সিংহভাগই যমুনা নদীতে বিলীন হয়েছে। এ কারণে ভোটারদের সুবিধার্থে কয়েকটি কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। কেন্দ্র পরিবর্তনের ফলে ভোটে কারচুপির কোনো আশঙ্কা নেই।