নির্বাচনে কারচুপির অভিযোগ সম্পূর্ণ ভ্রান্ত: মরিয়ার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বিগত সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি হওয়ার অভিযোগ ‘সম্পূর্ণ ভ্রান্ত’ বলে মন্তব্য করেছিলেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।২০০৯ সালের ১৮ জুন ওয়াশিংটনে পাঠানো কূটনৈতিক তারবার্তায় এ অভিমত দিয়েছিলেন মরিয়ার্টি। এর আগে ১৩ জুন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেকের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, গত সংসদ নির্বাচনে জাল ভোটসহ নানা কারচুপি হয়েছে। এর প্রমাণ বিএনপির হাতে আছে। উইকিলিকসের ফাঁস করা এ তারবার্তায় বলা হয়, রবার্ট ব্লেকের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের নানা পদক্ষেপ ও বর্তমান মহাজোট সরকারের সমালোচনা করেন। গত সংসদ নির্বাচনে কারচুপির পাশাপাশি নির্বাচন কমিশনও নিরপেক্ষ ভূমিকা পালন করেননি বলে অভিযোগ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে মন্তব্য করে ওই সরকারকে ‘অবৈধ’ বলেও আখ্যা দেন খালেদা। তিনি অভিযোগ করেন, মহাজোট সরকার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার বদলে শুধু চাঁদাবাজি ও ভূমি দখল এবং বিরোধী দলকে হয়রানি করছে। বিএনপির প্রধান দাবি করেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক কমে গেছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপিই জিতত।এই তারবার্তার মন্তব্য অংশে বৈঠকে উপস্থিত থাকা মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচনে কারচুপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া ও বিএনপির অনেক যৌক্তিক কথাও (যার অনেকগুলোতে অন্তত কিছু সত্যি আছে) মিথ্যা কথন ও অতিরঞ্জনের কারণে আড়ালে পড়ে যায়। দেশে ইতিবাচক পরিবর্তন আনার দিকেই মনোযোগ নিবদ্ধ করার জন্য সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূতের বারবার অনুরোধ সত্ত্বেও বিএনপি দৃশ্যত আওয়ামী লীগের সঙ্গে তুচ্ছ বিষয়ে চিরদিনের কোন্দল থেকে ঊর্ধ্বে উঠতে অক্ষম।’মন্তব্য অংশে মরিয়ার্টি আরও বলেন, খালেদা জিয়া কখনো কখনো দেখিয়েছেন তিনি দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠতে সক্ষম। কিন্তু এ ধরনের বৈঠক প্রমাণ করে তাঁর ও শেখ হাসিনার মধ্যে দূরত্ব ঘোচাতে আরও অনেক কিছু করতে হবে।বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লেককে বিএনপির চেয়ারপারসন বলেন, নতুন সরকার কোনো বিরোধী দল চায় না। বরং তারা একটি ‘অকার্যকর’ সংসদ চায়। এ সময় মার্কিন মন্ত্রী বলেন, তা-ই যদি হয়, তাহলে বিএনপি সংসদে না গিয়ে আওয়ামী লীগ সরকারকেই সহায়তা করছে। উত্তরে খালেদা বলেন, বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে সর্বাত্মক চেষ্টাই করবে। কিন্তু ব্যর্থ হলে জনগণের কাছে যাবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশে সহায়তা করতে ব্লেকের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। তিনি ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে লড়াই চালানো এবং সমাজকে সন্ত্রাসবাদমুক্ত করার অঙ্গীকারও করেন।মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বৃহত্তর জাতীয় স্বার্থে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। দেশকে এগিয়ে নিতে অতীত না ঘেঁটে দেশের সমস্যা চিহ্নিত করে উভয় দলকে কাজ করার আহ্বানও জানান তিনি।