অন্যান্য পৌরসভার সঙ্গে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। এখানে চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকি তিনজনই নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন।
গোয়ালন্দ পৌরসভার বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম শেখ, আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির প্রার্থী আবুল কাসেম মণ্ডল ও জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী মুহাম্মদ হেলাল মাহমুদ।
এঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া সবাই এবং ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী প্রণব ঘোষ ও ৪ নম্বর ওয়ার্ড প্রার্থী জাজিউর রহমান রাসেল লিখিতভাবে পৃথক ওই অভিযোগ করেন।
গত সোম ও গতকাল মঙ্গলবার দুপুরে তাঁরা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে এ আশঙ্কার কথা জানান। তাঁদের অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পসহ কয়েকটি স্থানে পাঠানো হয়েছে।
মুহাম্মদ হেলাল মাহমুদ অভিযোগে বলেন, সোমবার রাত থেকে বিপুলসংখ্যক বহিরাগত লোক পৌর এলাকায় অবস্থান করে বিভিন্ন ওয়ার্ডে দলবদ্ধভাবে বিচরণ করছে। এসব বহিরাগত নির্বাচনের আগের রাতেই কোনো এক দলীয় প্রার্থীর পক্ষে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে জোরপূর্বক ব্যালটে সিল মেরে ভোট কারচুপির পরিকল্পনা করছে। প্রতিটি ভোটকেন্দ্রে আগের রাতেই নিরাপত্তা জোরদার করার দাবি জানান তিনি।
পৌরসভার বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম শেখ বলেন, ‘গত দুটি পৌরসভা নির্বাচনে দুবার মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ১৪ বছর ধরে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু লক্ষ করছি, সোমবার রাত থেকেই বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা প্রচুর বেড়ে গেছে।’
রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ‘এ ধরনের অভিযোগ পেয়েছি। নিয়ম অনুযায়ী নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচনের আগের দিন রাতেই প্রতিটি কেন্দ্রে পৌঁছাতে হবে। তবে অভিযোগগুলো আমলে নিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, নির্বাচনী এলাকাসহ প্রতিটি কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ধরনের কোনো অনিয়মের চেষ্টা কেউ করলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।