নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনে কারচুপির দিন শেষ হয়ে গেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নবগঠিত আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জাবেদ আলী এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে, যেই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, আড়াইহাজার পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান, গোপালদী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামানসহ মেয়র পদপ্রার্থীরা।
অনুষ্ঠান শেষে আড়াইহাজার উপজেলা সার্ভার স্টেশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার।
নবগঠিত আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন কাল শনিবার। নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর শেষদিন গতকাল ব্যস্ত সময় কাটান মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা।
সাংসদকে এলাকার বাইরে রাখার দাবি: গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আড়াইহাজার পৌরসভায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী পারভীন আক্তার।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার দুটি পৌরসভার নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আওয়ামী লীগের স্থানীয় সাংসদ নজরুল ইসলাম নির্বাচনের দিন প্রভাব বিস্তার করতে এলাকায় অবস্থান করবেন বলে জানতে পেরেছি। সাংসদ যাতে প্রভাব বিস্তার করতে না পারেন, এ জন্য তাঁকে নির্বাচনী এলাকার বাইরে রাখতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই।’