নির্বাচনে কারচুপির প্রতিবাদে জীবননগরে হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১৯-দলীয় জোটের ডাকে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। গতকাল রোববার অনুষ্ঠিত জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু মো. আবদুল লতিফ ওরফে অমলের পক্ষে ব্যাপক ভোট কারচুপির অভিযোগে এ হরতাল ডাকা হয়।

হরতাল চলাকালে ভোর ছয়টা থেকেই ১৯-দলীয় জোটের নেতা-কর্মীরা উপজেলা শহরের বিভিন্ন স্থানে পিকেটিং শুরু করেছেন। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে মোড়ে মোড়ে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে। দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। দোকানপাট বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে শহরজুড়ে খণ্ড খণ্ড মিছিল হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদের নিজের উপজেলা এটি। এখানে গতকাল নির্বাচনে কেন্দ্র দখল, বোমা হামলা, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও পোলিং এজেন্টদের মারধরসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বিএনপি-জামায়াত-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, একজন স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট সাতজন নির্বাচন বর্জন করেন।