নির্বাচনে কেন্দ্র দখলের চিন্তা না করার হুঁশিয়ারি
সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চিন্তা না করতে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা। তাঁরা বলেছেন, নির্বাচনে কোনো ধরনের পেশিশক্তি বরদাশত করা হবে না।
গতকাল শনিবার নগরের বাকলিয়ায় এক মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তারা এসব হুঁশিয়ারি উচ্চারণ করেন। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ কামরুল আমিনের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার প্রমুখ।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইন মানতে হবে। নির্বাচনে কোনো ধরনের পেশিশক্তি বরদাশত করা হবে না।
অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহীদুর রহমান বলেন, নির্বাচনে কেউ ভোটকেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করবেন না। কেউ যদি তা করে, পুলিশ অস্ত্রের ব্যবহার করতে বাধ্য হবে।
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরের ১৬টি থানা এলাকায় মতবিনিময় সভা করার পরিকল্পনা নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে বাকলিয়ায় এ সভা হয়।