চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের দলীয় চার সাংসদ সরাসরি কাজ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত মহানগর ওয়ার্কিং কমিটির বর্ধিত সভায় এই অভিযোগ করা হয়। সভায় মহিউদ্দিনের বিরোধী বলে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও তাঁর অনুসারীরা ছিলেন না। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ নিয়ে ওই বর্ধিত সভায় মহানগরের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন। বর্ধিত সভা শেষে রাত সোয়া নয়টার দিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক সাংবাদিকদের জানান, দলীয় চার সাংসদ প্রত্যক্ষভাবে বিরোধিতা করায় নির্বাচনে বিপর্যয় ঘটেছে। এক মন্ত্রীর ভাইও মহিউদ্দিনের বিরুদ্ধে কাজ করেন বলে আমরা তথ্য পেয়েছি। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি। ইনামুল হক জানান, স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে তাঁরা এই তথ্য পেয়েছেন।