নির্বাচনে জনপ্রতিনিধিদের সহযোগিতা চাইলেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মান্নান।

গতকাল বুধবার সার্কিট হাউসে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সভার শুরুতে জেলা প্রশাসক বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা বদ্ধপরিকর। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা দরকার। ভোটদানে উৎসাহ প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভোটারদের ঘর থেকে আনতে বলব না। সেটা প্রার্থীদের বিষয়। আমরা কেবল তাদের যাতে কেউ বাধা না দেয়, সেই পরিবেশ সৃষ্টি করে দেব।’ এরপর ডিসি বিভিন্ন নির্বাচন নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রদের বক্তব্য শোনেন।

লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এলডিপি নেতা জিয়াউল হক বলেন, ‘লোহাগাড়ায় ভোট শান্তিপূর্ণ হবে বলে মনে হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে। দুইটি রায়কে কেন্দ্র করে এখানে কিছুটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। শান্তিপূর্ণ নির্বাচনে আমার সহযোগিতা থাকবে।’

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোনাফ বলেন, ‘সাতকানিয়া ঝুঁকিপূর্ণ এলাকা। নির্বাচন ঘিরে জামায়াত-শিবির নাশকতা করতে পারে। তাই প্রস্তুতি নিতে হবে। আমি চার-পাঁচ দিন আগে এলাকায় চলে যাব।’

বাঁশখালীর পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘বাঁশখালীতে জামায়াত-শিবির বিভিন্ন নাশকতা করেছে। সেতুর পাটাতন তুলে ফেলেছে। তাই নির্বাচন নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।’

আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সওগাত বলেন, ‘আমার এলাকায় নির্বাচনে তিনজন প্রার্থী। কিন্তু চতুর্থ একটি পক্ষ নির্বাচন ঘিরে সহিংসতার চেষ্টা করতে পারে। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে।’

নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের দিন যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করলেও চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ডিসি আবদুল মান্নান সভায় পরিবহন নেতাদের উদ্দেশে বলেন, ‘ওই দিন কীভাবে গাড়ি চালানো যায় সেটা আপনারা ভেবে দেখেন।’

পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী সভায় নির্বাচনের দিন যান চলাচলে সড়কে নিরাপত্তা দেওয়ার দাবি জানান।

ডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার হাফিজ আকতারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।