নির্বাচনে জনমত যাচাইয়ের আহ্বান আ.লীগের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপিকে ঢাকায় দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে জনমত যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান। ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর জন্য এ সমাবেশের আয়োজন করা হয়। সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা এই নির্বাচনকে জনমত যাচাইয়ের গণভোট হিসেবে নিয়েছি। নির্বাচনে অংশ নিন। দেখা যাবে, কাদের জনপ্রিয়তা বেশি। এ নির্বাচনে প্রমাণিত হবে, দেশের মানুষ আওয়ামী লীগকে, না বিএনপিকে চায়। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো রাত দুইটায় পালাবেন না। এরই মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেওয়ার সাহস পাচ্ছেন না।’ সৈয়দ আশরাফ দলীয় নেতা-কর্মীদের নির্বাচনে অংশ নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যাঁরা মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে চান, তাঁরা নিজেদের প্রস্তুত করুন। ওয়ার্ডে ওয়ার্ডে জনমত গড়ে তুলুন। সভানেত্রী সিদ্ধান্ত নেবেন, কাকে সমর্থন দেওয়া হবে।’ ঢাকা সিটি করপোরেশন বিভক্তি নিয়ে গণমাধ্যমে মিথ্যাচার হচ্ছে—এমন অভিযোগ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রতিটি থানায়, সংসদীয় আসনে জনসভা করে এই মিথ্যাচারের জবাব দেওয়া হবে। প্রতিনিয়ত টেলিভিশনের টক শোতে বিষয়টি নিয়ে মিথ্যাচার এবং অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া হচ্ছে। এর জবাব আমরা দেব।’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আমি প্রমাণ করব, ঢাকা সিটি দুই ভাগ করার ফলে নাগরিক সেবা বাড়বে। অনেক জ্ঞানপাপী বলে থাকেন, বিশ্বের কোথাও একাধিক সিটি করপোরেশন নেই। এটা ঠিক নয়। লন্ডন শহরেই দুটি সিটি করপোরেশন।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ঢাকার প্রতি দরদ ঢাকাবাসীর, নাকি ভারতে জন্ম নেওয়া খালেদা জিয়ার বেশি?’ ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। সমাবেশে মেয়র পদে দলের সমর্থন চান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।