নির্বাচনে জিতবে আওয়ামী লীগ হারবে দেশ

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ সাময়িকী দি ইকোনমিস্ট বলেছে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জিতবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে ওই নির্বাচনে হারবে দেশ। সাময়িকীটির আগামীকাল শনিবারের প্রকাশিতব্য প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের অনলাইনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিজের শাসনকাল দীর্ঘায়িত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক পদক্ষেপকে ‘পর্যায়ক্রমিক অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেছেন ইউরোপের একজন কূটনীতিক। আগামী ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করছে প্রধান বিরোধী দল বিএনপি। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। যদিও সেই নির্বাচনের বৈধতার বিষয়টি ভিন্ন ব্যাপার। বিগত নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় এবং এরপর সরকার গঠন করে সংবিধান সংশোধনের মাধ্যমে ত্তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিষয়টি উল্লেখ করে ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বলা হয়, নিজের ক্ষমতা চিরস্থায়ী করতে শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবেই যে সংবিধান সংশোধন করেছিলেন, তা নয়। কিন্তু ওই সংশোধনীর ফলাফল শেষ পর্যন্ত হয়তো সেটাই হতে যাচ্ছে।
সবচেয়ে বাজে ব্যাপার হলো আগামী নির্বাচন একটি লজ্জার বিষয় হতে যাচ্ছে। পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের মিত্র আরও ১৭টি দল নির্বাচন বর্জন করছে। তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেওয়া দলটির প্রধান সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদকে আটক করে হাসপাতালে রাখা হয়েছে।