নির্বাচনে জিতলেন, এখন কী বলবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিএনপির উদ্দেশে বলেছেন, ‘বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়ে জিতেছে। এখন তারা কী বলবে?’

আজ বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানা আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক কাউন্সিলে আমু এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, রাজনৈতিকভাবে পরাজয় বরণ করে বিএনপি উপজেলা নির্বাচনে এসেছে। এই নির্বাচনেই প্রমাণ হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

আমু বলেন, ‘আমরা যদি মনে করি, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে, তা হলে ভুল করব। আগামীতে তারা আবারও ষড়যন্ত্র করতে পারে, সহিংস হয়ে উঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। অতীতে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করেছি। আগামী দিনে তাদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কাউকে সহসা কিছু বলে না। তবে আওয়ামী লীগের ওপর আঘাত এলে প্রতিঘাত কীভাবে করতে হয়, তা আওয়ামী লীগ জানে। তার দীক্ষা আওয়ামী লীগ অতীত থেকে নিয়েছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি  রাশেদ খান মেনন বলেন, ‘আমরা অবাক বিস্ময়ে লক্ষ করছি যে বিএনপি-জামায়াতের বক্তব্যের সঙ্গে জাওয়াহিরির বক্তব্যে কোনো অমিল নেই। শুধু দেশে নয়, দেশের বাইরে শক্তি সঞ্চয় করেও তারা আবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।’ মেনন বিএনপির উদ্দেশে আরও বলেন, ‘তারা বলেছিল যে নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না। তা হলে উপজেলা নির্বাচনে তাদের বিজয়কে কীভাবে ব্যাখ্যা করবে?’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘একমাত্র আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস আছে। যদি অন্য দল প্রমাণ করতে পারে তাদের ইতিহাস আছে, তা হলে আমি রাজনীতি ছেড়ে দেব।’

মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক, সাংগঠনিক সম্পাদক শাহে আলম এবং স্থানীয় থানা ও ওয়ার্ডের নেতারা।