নির্বাচনে জেতার পর বিএনপি ভোল পাল্টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি বিগত সিটি করপোরেশন নির্বাচনের আগেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের হুমকি দিয়েছিল। কিন্তু নির্বাচনে জেতার পর তারা ভোল পাল্টায়। বিএনপি এবারও নানা কথা বলছে। গতকাল মঙ্গলবার ফেনীর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনো প্রভাব নেই।

এ সময় ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনীর সংরক্ষিত মহিলা সাংসদ জাহানারা বেগম, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার রেজাউল হক ও জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ফেনীতে মন্ত্রীকে স্বাগত জানাতে ফেনী-কুমিল্লা সীমান্তের দত্তশা থেকে ফেনী-চট্টগ্রাম সীমান্তের ধুমঘাট পুল পর্যন্ত সাড়ে ২৬ কিলোমিটার এলাকায় ১৭৩টি তোরণ নির্মাণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। তোরণগুলোতে লাগানো ব্যানারের নিচে ফেনী-২ (সদর) আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নাম লেখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী থেকে রওনা দিয়ে বিকেলে খাগড়াছড়ির রামগড় পৌঁছান। সেখানে থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে এক সুধী সমাবেশে তিনি বলেন, এ দেশ জঙ্গিবাদের দেশ নয়।