নির্বাচনে ঝামেলা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>২২ ডিসেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচন। নির্বাচনে এবার বিএনপি ও জামায়াতের চিকিৎসক সমিতি অংশ নিচ্ছে না। তবে নির্বাচনী লড়াইয়ে আছে আওয়ামীপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এ প্রসঙ্গে স্বাচিপের সাধারণ সম্পাদক প্রার্থী আ ম ম মিনহাজুর রহমান কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রণব বল
আ ম ম মিনহাজুর রহমান
আ ম ম মিনহাজুর রহমান

প্রথম আলো: বিএমএ নির্বাচন নিয়ে চট্টগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিভক্ত কেন?
আ ম ম মিনহাজুর রহমান: স্বাচিপ চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক শফিউল আজম জেলা কমিটির সভা ডেকে প্যানেল নির্ধারণ করেছেন। ২৭ জন সদস্যের মধ্যে ১৯ জন এই প্যানেলকে সমর্থন করেছেন। ওই প্যানেল আমরা ঢাকায় কেন্দ্রীয় কমিটিতে পাঠাই। সেখান থেকে অনুমতি পাওয়ার পর নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছি।
প্রথম আলো: স্বাচিপ কি এক হয়ে নির্বাচন করতে পারত না?
আ ম ম মিনহাজুর রহমান: স্বাচিপের অপর একটি পক্ষ মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। আমরা তাঁর সঙ্গেও যোগাযোগ করেছি। কিন্তু শেষ পর্যন্ত ওই পক্ষ একসঙ্গে নির্বাচনের উদ্যোগ নেয়নি। তাই ঐক্য হয়নি।
প্রথম আলো: চিকিৎসকদের বাদ দিয়ে রাজনৈতিক দলের নেতার আনুগত্যে চলেন বলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে।
আ ম ম মিনহাজুর রহমান: আমরা রাজনৈতিক নিয়ন্ত্রণে চলি না। আ জ ম নাছির উদ্দীন অপর প্যানেলটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তখন আমরা চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ মোশাররফ হোসেন, নুরুল ইসলাম বিএসসি ও এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন করার কথা জানিয়েছি।
প্রথম আলো: আপনাদের নির্বাচনী অঙ্গীকার কী কী?
আ ম ম মিনহাজুর রহমান: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসক নিয়োগে স্থানীয় ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে আরেকটি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা।

প্রথম আলো: নির্বাচন কেমন হবে বলে মনে করছেন?
আ ম ম মিনহাজুর রহমান: গতবারের নির্বাচনে শেষ মুহূর্তে ব্যালট ছিনতাই এবং মারামারির ঘটনা ঘটেছে। এবারও এখনো আমরা মেডিকেল কলেজে প্রচারণায় যেতে পারিনি। ওখানে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। তাই নির্বাচনে ঝামেলা হতে পারে। তবে আমরা সহিংসতা চাই না।