নির্বাচনে থাকছেন রফিকুল, 'বাধ্য' হয়ে সরে দাঁড়ানোর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই সুর পাল্টালেন চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী রফিকুল আলম। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরে সংবাদ সম্মেলন করে রফিকুল জানান, তিনি নির্বাচনে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তাঁর অভিযোগ, অস্ত্রের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে তাঁকে বাধ্য করা হয়েছিল।
নগরের চট্টেশ্বরী রোডে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের বাসভবনে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় রফিকুল আলমের পাশে মীর নাছির ছাড়াও দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে রফিকুলকে সাংবাদিকদের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে দেওয়া হয়নি। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষে তাঁকে একটি গাড়িতে তুলে দেন মীর নাছির।
গত রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে রফিকুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ওই ঘোষণার পর রাতেই মীর মোহাম্মদ নাছিরউদ্দিন এবং রফিকুলের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক শেখ মোহাম্মদ মহিউদ্দিন অভিযোগ করেন তাঁদের প্রার্থীকে ‘কিডন্যাপ’ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করা হয়েছে।
গতকালের সংবাদ সম্মেলনে রফিকুল আলম অভিযোগ করেন, ‘সরকারি দলের ক্যাডাররা আমাকে অস্ত্রের মুখে হুমকি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করেছে। আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত থাকব। গ্রেপ্তার করা হলেও আমি নির্বাচনে থাকব।’ তিনি বলেন, ‘আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। মামলা দেওয়া হয়েছে। আমাকে চাপ দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নিয়েছে।’ তাঁর ওপর এখনো চাপ রয়েছে বলে তিনি জানান। তবে কে বা কারা হুমকি দিয়েছে তাঁদের নাম জানাতে চাননি রফিকুল আলম।
সংবাদ সম্মেলনে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, ‘আমাদের প্রার্থীর জনপ্রিয়তা দেখে সরকারি দলের ক্যাডাররা বিএনপির প্রার্থীকে ধরে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করেছে। তিনি নির্বাচনে আছেন।’