সংবিধান মোতাবেক আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সাংসদ মোশাররফ হোসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় সংগঠনের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলা এবং মহানগর শাখা এ সংবর্ধনার আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ঐক্যবদ্ধ শক্তি হচ্ছে বড় শক্তি। তা না হলে পতন অবশ্যম্ভাবী। তবে বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) সোজাসাপ্টা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের চেহারা পাল্টে দেবেন। তিনি সার ও চালের দাম বাড়িয়ে দেবেন। আমরা আলো দিয়েছি। তিনি দেশবাসীকে অন্ধকার দেবেন। দেশকে হতাশা ও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার, বিরোধীদলীয় নেত্রী সব করছেন।’
ফেলানীর রায় প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের সময় প্রথম সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। তবে এ রায়ে সন্তুষ্ট নই। ভবিষ্যতে আরও ওপরের দিকে যাওয়ার সুযোগ রয়েছে।’
অধিকার প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘গত ৫ মে হেফাজতের অবস্থান কর্মসূচিতে ৬১ জন নিহত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে অধিকার। তারা ফটোশপের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংবর্ধিত অতিথি মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সংরক্ষিত আসনের সাংসদ চেমন আরা তৈয়ব প্রমুখ। সভা পরিচালনা করেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম।