কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দশম জাতীয় নির্বাচন দেশে-বিদেশে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। এতে বিদেশের কাছে বাংলাদেশের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
গতকাল বুধবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সরকারপ্রধানের পদ ছেড়ে নির্বাচন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা চাই আগামী দু-তিন মাসের মধ্যে সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন দেবেন। সরকার প্রধান না থেকে নির্বাচন করলে সব দল অংশ নেবে।’
কাদের সিদ্দিকী বলেন, ‘দশম জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। প্রিসাইডিং কর্মকর্তাকে ভোট দিতে দেখা গেছে। ভোটকেন্দ্রে কুকুরকে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। এইচ এম এরশাদ আগাগোড়া জোটে ছিলেন। তাঁকে সিট দেওয়া না দেওয়া সমান কথা।’
পরে কাদের সিদ্দিকী সদর উপজেলার কর্ণাই গ্রামে যান। সেখানে নির্যাতিত সংখ্যালঘু পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মো. হাবিবুর রহমান বীর প্রতীক, ইকবাল সিদ্দিকী, সফিকুল ইসলাম দেলোয়ার, রফিকুল ইসলাম, বিএনপির নেতা মো. লুৎফর রহমান, মো. আখতারুজ্জামান জুয়েলসহ স্থানীয় নেতারা।