নির্বাচনে না যেতে অটল এরশাদ: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সুস্থ আছেন এবং নির্বাচনে না যাওয়ার বিষয়ে অটল আছেন বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের। একই সঙ্গে প্রার্থীদের আজকের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের যে নির্দেশ এরশাদ দিয়েছেন, তাও বহাল আছে বলে জানান তিনি।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বরে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের ব্যবসায়িক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাবেক এই বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে রুহুল আমিন হাওলাদার ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, রুহুল আমিন হাওলাদারের বাসায় এরশাদের ঘনিষ্ট বলে পরিচিত বেশ কয়েকজন নেতাকর্মী দাবি করেন, এরশাদ নির্বাচনে না যেতে অটল।এরশাদ তাদেরকে জানিয়েছেন, নির্বাচনে অংশ নিতে তাঁকে চাপ দেওয়া হচ্ছে।

জাপার নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ অন্য কাউকে বরাদ্দ না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে ‘আটক’ হন এইচ এম এরশাদ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে এরশাদকে তাঁর বারিধারার বাসা থেকে র‌্যাব তাঁকে নিয়ে যায়।

তবে র‌্যাব-১-এর পরিচালক কিসমত হায়াত রাত পৌনে ১২টায় প্রথম আলোকে বলেন, এরশাদকে আটক করা হয়নি। তিনি চিকিত্সার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাচ্ছেন। র‌্যাব তাঁকে নিরাপত্তা দিচ্ছে।

আজকের সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, ‘সকালে আমি ও আমাদের দলের মহাসচিব দুজনে সিএমএইচে গিয়েছিলাম। পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে‎ দেখা হয়েছে। তিনি ভালো আছেন, সুস্থ আছেন। তিনি (এরশাদ) বলেছেন, আসন্ন নির্বাচন না করার বিষয়ে তিনি তাঁর সিদ্ধান্তে এখনো অটল আছেন। তিনি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের যে নির্দেশ দিয়েছেন, তা এখনো বহাল আছে। তিনি আশা করেন, সব প্রার্থী আজকের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।’

এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেন, ‘সিএমএইচ কর্তৃপক্ষ বলেছে, এরশাদ সাহেবকে আরও দু-এক দিন রাখা হবে। তবে আমাদের আশ্বস্ত করা হয়েছে উনি যখন ফিরে আসতে চাইবেন আসতে পারবেন।’

জি এম কাদের বলেন, ‘গতকাল রাতে যেভাবে, যে প্রক্রিয়ায় ওনাকে সিএমএইচে নেওয়া হয়েছে, তা আপনারা অবগত আছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় গেছেন এটা বললে আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না।’

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাপার এই নেতা বলেন, ‘বর্তমানে যে পরিস্থিতি, তাতে এ নির্বাচনে অংশগ্রহণ করলে দেশে স্থিতিশীলতা সৃষ্টি করা সম্ভব হবে না। দেশে অশান্তি আরও বাড়বে। তাই দেশকে অস্থিতিশীল করার পরিস্থিতিতে জাতীয় পার্টি যেতে রাজি নয়।’

রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ নির্বাচনে যাচ্ছে বলে গুঞ্জন আছে। বিষয়টি পরিষ্কার করতে বলা হলে জি এম কাদের সাংবাদিকদের বলেন, এটি রওশন এরশাদই পরিষ্কার করবেন।

এরশাদের নির্দেশ অমান্য করে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর পরই জাপার একদল কর্মী ‘এরশাদের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ বলে স্লোগান দেন। এ সময় তাঁরা ‘দালাল দালাল’ বলেও আখ্যায়িত করেন। একপর্যায়ে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়।

এ নির্বাচন বর্জনের সিদ্ধান্তে এরশাদ অনড় থাকায় তাঁর স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে জাপার একাংশকে নির্বাচনে রাখার আয়োজন সরকার প্রায় সম্পন্ন করেছে। এমনকি এ অংশটিকে দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্দ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সরকারের এমন তত্পরতার খবর প্রচার হওয়ায় তড়িঘড়ি করে গতকাল দুপুর ১২টায় সিইসিকে চিঠি দেন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ। চিঠিতে তিনি ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জাপার নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ কাউকে বরাদ্দ না দিতে কমিশনকে অনুরোধ করেন। চিঠিতে বলেন, ‘জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে “লাঙ্গল” প্রতীকপ্রাপ্ত। আমাদের সিদ্ধান্ত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে। ইতিমধ্যে দলের দেওয়া সব মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

কমিশন সচিবালয় সূত্র জানায়, জাপার যেসব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না, তাঁদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশন মনে করে, নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলে প্রার্থীদের ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। কারণ দলীয় প্রধানের চিঠির ভিত্তিতে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়ে যাবে—এমন সুস্পষ্ট বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নেই।