নির্বাচনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ কমিশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন কেন্দ্র করে এ তিন সিটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন বলেছে, ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে ২৮ এপ্রিল ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
গতকাল বুধবার কমিশন সচিবালয় থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ভোটের আগের দিন কেন্দ্রগুলোয় মালামাল পাঠানোর কাজ শুরু হবে। এ ছাড়া ভোটের দিন ভোটকেন্দ্রগুলোয় গণনা শেষ না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে আলোর প্রয়োজন রয়েছে। কোনো এলাকায় বিদ্যুৎ চলে গেলে দুষ্কৃতকারীরা গন্ডগোল পাকাতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সুচারুভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য এই নির্দেশ জারি করা হয়েছে।