ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ হাজার র্যাব সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
গতকাল রোববার সকালে র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদ এ তথ্য দিয়ে বলেন, প্রিসাইডিং কর্মকর্তার চাহিদামতো ভোটকেন্দ্রের নিরাপত্তা ও রক্ষায় সর্বশক্তি নিয়োগ করবে র্যাব।
র্যাবের মহাপরিচালক বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাব ভোটকেন্দ্র ও চারপাশের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দায়িত্ব পালন করবে। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ১৩৪টি ওয়ার্ড আছে। এসব ওয়ার্ডে যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে র্যাব তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৬৮টি টহল দলের পাশাপাশি ১৩৪টি মোটরসাইকেলে গোয়েন্দা দল তৎপর থাকবে। স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে র্যাবের ৩৬টি দল প্রস্তুত রাখা হবে। আপৎকালীন সমস্যা দেখা দিলে তারা জরুরি ভিত্তিতে সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেবে। ভোটবাক্স বহনে নিরাপত্তা দেবে র্যাব। ভোট গণনার সময় দুটি মূল কেন্দ্রে র্যাব নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
বেনজীর আহমেদ বলেন, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, প্রতি মুহূর্তে এসব কেন্দ্র পরিবর্তন হয়। আজ সোমবার থেকে ১ মে পর্যন্ত কেউ বৈধ অস্ত্রও বহন করতে পারবে না। আজ থেকে রাজধানীতে গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বাংলামোটরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীরা সরকারি দলের সমর্থক হওয়ায় তাদের গ্রেপ্তারে তৎপরতা নেই—বিএনপির এমন অভিযোগের বিষয়ে র্যাবের মহাপরিচালক বলেন, এ অভিযোগ ঠিক নয়। ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকিয়েছে এ ছবি পত্রিকায় ছাপা হয়েছে। মামলার তদন্তও চলছে।