চট্টগ্রাম-১৫ আসন (সাতকানিয়া-লোহাগাড়া)
নির্বাচনে নেই, তবু আ.লীগের পরোক্ষ প্রতিদ্বন্দ্বী জামায়াত
জাতীয় সংসদের চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থীর পরোক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। জামায়াত-শিবির একদিকে আওয়ামী লীগের প্রার্থীকে প্রচারণায় বাধা দিচ্ছে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বিএনএফের প্রার্থীকে সমর্থন দিচ্ছে।
জামায়াতের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই আসনে আধিপত্য ধরে রাখতেই দলটি এ কৌশল নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নির্বাচন বর্জন করা জামায়াতের এই দ্বিমুখী কৌশলের অভিযোগ আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিনও করেছেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মমিনুল হক চৌধুরীর জামাতা। জামায়াতের পরোক্ষ সমর্থন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন নবগঠিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী জয়নাল আবেদিন কাদেরি। নেজামুদ্দিনের নৌকা ও কাদেরির প্রতীক টেলিভিশন।
নির্বাচনের দিন নাশকতার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে জামায়াত-শিবিরের বিরুদ্ধে। এ অবস্থায় ভোটের দিনের পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে এলাকায়। এ কারণে নির্বাচন নিয়ে অনেক ভোটারের আগ্রহ না থাকলেও আছে আতঙ্ক। প্রার্থীদের প্রচারণাও সীমিত।
জানা গেছে, নেজামুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে আনার একটা চেষ্টা শুরু থেকে ছিল। এর অংশ হিসেবে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কাদেরি সরে দাঁড়াবেন, এমন চেষ্টাও হয়েছিল। কিন্তু জামায়াতের কারণে শেষ পর্যন্ত তিনি প্রার্থী রয়ে যান।
নেজামুদ্দিন বলেন, ‘আমরা শুনেছিলাম তিনি (কাদেরি) মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। কিন্তু পরে জামায়াত তাঁকে প্রত্যাহার করতে দেয়নি। তাদের উদ্দেশ্য ভোটের দিন গোলযোগ করা।’
অনুসন্ধানে জানা গেছে, জামায়াতের পরোক্ষ সমর্থন পাওয়ার কারণেই শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনএফের প্রার্থী কাদেরি। জামায়াত দুটি কারণে তাঁকে পরোক্ষে সমর্থন জুগিয়ে যাচ্ছে। এর একটি হলো: নেজামুদ্দিন একক প্রার্থী হলে নিজেদের ঘাঁটি বলে খ্যাত সাতকানিয়ায় ভোট হবে না, এতে নির্বাচন প্রতিরোধের ঘোষণা দেওয়া দলটি শক্তি প্রদর্শনের সুযোগ থেকে বঞ্চিত হবে।
আরেকটি কারণ হলো: নেজামুদ্দিন নির্বাচিত হলে ভবিষ্যতে সাতকানিয়ায় আওয়ামী লীগের আধিপত্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে জামায়াত। এসব কারণে এ আসনে আওয়ামী লীগকে সহজে নির্বাচনী বৈতরণি পার হওয়ার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে জামায়াত।
আওয়ামী লীগ অভিযোগ করেছে, গত ২৬ ডিসেম্বর মুহাম্মদ নেজামুদ্দিন মির্জারখিল এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের পোস্টারও ছিঁড়ে ফেলা হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘জামায়াত-শিবির সরাসরি বিএনএফের পক্ষে কাজ করছে। বিভিন্ন স্থানে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছে তারা। অন্যদিকে তারা বিএনএফের প্রার্থীর পোস্টার লাগাতে সহযোগিতা করছে। এ ছাড়া বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। এ বিষয়ে আমরা প্রশাসনকে বারবার অবগত করছি।’
কাদেরি নিরাপত্তা ছাড়া ও বিনা বাধায় গণসংযোগ করছেন। গত মঙ্গলবার তিনি চরতী, কাঞ্চনা, আমিলাইষসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। কাদেরি বলেন, ‘জামায়াত নির্বাচনে নেই। তবে জামায়াতের লোকজন আমাকে সমর্থন করছেন।’
সাতকানিয়া উপজেলা শিবিরের সভাপতি মো. ইমরান বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীকে জনগণ বাধা দিচ্ছে। কাদেরিকে কে সমর্থন দিচ্ছে তা জানি না।’
দেখা গেছে, দুই প্রার্থীরই প্রচারণা সীমাবদ্ধ দুই উপজেলা ও ইউনিয়ন সদরগুলোতে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ নেই। সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মো. আবুল ফয়েজ বলেন, জনগণ আওয়ামী লীগের নির্বাচন এখনই ঠেকানোর জন্য প্রস্তুত।