নির্বাচনে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ জামায়াতের
জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্র দখল, প্রতিপক্ষের ওপর হামলা, জালভোট প্রদান ও ভয়ভীতির মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, সরকারদলীয় সাংসদেরা বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে ঢুকে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেন। প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে ও প্রভাব খাটিয়ে বরিশালের গৌরনদী, ভোলার লালমোহন, শরীয়তপুরের গোসাইরহাট, যশোরের অভয়নগর, গাজীপুরের কাপাসিয়া, বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, সিরাজগঞ্জের কাজীপুর ও সদর উপজেলা, নেত্রকোনার কেন্দুয়া, ঝিনাইদহের শৈলকুপা, সদর উপজেলা ও কালীগঞ্জ, সিলেটের বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলায় বিরোধী দলের সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে জালভোট দিয়েছেন তাঁরা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করল, তারা জনগণের ভোটাধিকার ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে না।