নির্বাচনে পরাজিত হওয়ার সুযোগ নেই: সাঈদ খোকন
সিটি করপোরেশ নির্বাচনে পরাজিত হলে আওয়ামী লীগের ভয়াবহ বিপর্যয় হবে বলে মনে করছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুদ্ধিজীবী, চিকিৎসক, সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সাঈদ খোকন বলেন, ‘এ নির্বাচন ১৯৭১ সালের পরাজিত শক্তির সঙ্গে স্বাধীনতার পক্ষের শক্তির। এ নির্বাচনে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনে কোনো রকম বিচ্যুতি ঘটলে আমাদের জন্য ভয়াবহ বিপর্যয় হবে।’ তিনি বলেন, কয়েক দিন আগে বিএনপি-জামায়াতের তাণ্ডবে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। শিশুকে হত্যা করা হয়েছে। নিরপরাধ মানুষকে খুন করা হয়েছে। সেই ঢাকায় তাদের দলের প্রার্থীরা বিজয়ী হলে এর ধারাবাহিকতা বজায় থাকবে।
সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাবাসীর যানজট সমস্যা সমাধানের জন্য ফ্লাইওভার, মেট্রোরেল তৈরি করছেন। পানি-বিদ্যুৎ সমস্যার সমাধান করছেন। এসব উন্নয়নকাজে সহযাত্রী হিসেবে আপনাদের সমর্থন চাই, ইলিশ প্রতীকে একটি করে ভোট চাই। একটি নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই।’
সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুস, সাহিত্যিক শ্যামলী নাসরিন চৌধুরী, হামিদা বানু, অভিনেত্রী আফরোজা বানু প্রমুখ।
বেলা একটার দিকে সাঈদ খোকন ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘মিট ঢাকা’ নামে দক্ষিণের মেয়র প্রার্থীদের এক বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন। তিনি সন্ধ্যা ছয়টায় ইসলামপুরের নানা পার্টি সেন্টারে বস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
গতকাল বেলা সাড়ে ১১টায় সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন ও স্বামীর পক্ষে ভোট চান। পরে কাকরাইল মোড়, পল্টন মোড়, টিএসসি ও হাজারীবাগ এলাকায় স্বামীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান। ফারহানা সাঈদের সঙ্গে ছিলেন তাঁর বাবা, সাঈদ খোকনের বোন শাহানা হানিফ প্রমুখ।