নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সব দলের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়ায় ২৮ দেশের জোট এ সিদ্ধান্ত নিয়েছে।
ইইউর পররাষ্ট্রবিষয়ক ও নিরাপত্তা নীতিমালাসংক্রান্ত জ্যেষ্ঠ প্রতিনিধি ক্যাথরিন অ্যাস্টনের মুখপাত্র গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। ব্রাসেলসের ইইউ সদর দপ্তর থেকে বিবৃতিটি প্রচার করা হয়েছে।
ওই মুখপাত্র বলেন, সর্বশেষ জাতিসংঘের উদ্যোগসহ নানামুখী প্রয়াস সত্ত্বেও সব দলের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় শর্ত পূরণে রাজনৈতিক পক্ষগুলোর ব্যর্থতার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন অ্যাস্টন। এ ছাড়া তিনি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের রাজনৈতিক মত প্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে সব রাজনৈতিক নেতৃত্বকে উৎসাহ জুগিয়েছেন। সব দলের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ সুগম করার মতো রাজনৈতিক পরিস্থিতি হলেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে তৈরি আছে ইইউ।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় কর্মরত ইইউ দেশগুলোর রাষ্ট্রদূতেরা সম্প্রতি ব্রাসেলসে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন পাঠান। নির্বাচনে পর্যবেক্ষক না পাঠাতে ওই প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। ঢাকার ইইউ কূটনীতিকদের বক্তব্য হচ্ছে, ইতিমধ্যে ১৫৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাই বাংলাদেশের অর্ধেকের বেশি ভোটার ভোট দিতে পারছেন না। এ ছাড়া রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে। এমন এক প্রেক্ষাপটে পর্যবেক্ষক পাঠানোর যৌক্তিকতা নেই।
জানা গেছে, ঢাকা থেকে পাঠানো ইইউ কূটনীতিকদের প্রতিবেদন নিয়ে ব্রাসেলসে ইইউ সদর দপ্তরের রাজনৈতিক ও নিরাপত্তা কমিটিতে আলোচনা হয়েছে।
ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রও এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণের কথা।
সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি খতিয়ে দেখতে গত ৭ সেপ্টেম্বর ঢাকা সফর করে ইইউর একটি তথ্যানুসন্ধানী দল। ইইউ বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তা ব্যালথাসার বেঞ্জের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করে।