নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্রও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং সংসদের অর্ধেকের বেশি (১৫৪) আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 

নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি গতকাল সোমবার (ওয়াশিংটন সময় রোববার দুপুরে) ওয়াশিংটনে এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান। বিবৃতিতে সংলাপ অব্যাহত রাখতে এবং বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর একটি সমাধানে পৌঁছাতে প্রয়াস দ্বিগুণ করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়।

সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় ২০ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ২২ ডিসেম্বর কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নেয়। ইইউর পররাষ্ট্রবিষয়ক ও নিরাপত্তা নীতিমালা-সংক্রান্ত জ্যেষ্ঠ প্রতিনিধি ক্যাথরিন অ্যাস্টনের মুখপাত্র ব্রাসেলস থেকে বিবৃতিতে এবং কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদকে লেখা চিঠিতে এ সিদ্ধান্ত জানান।

যুক্তরাষ্ট্রের পক্ষে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দশম সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার কথা ছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে—এমন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রের প্রতি নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরার সুযোগ বাংলাদেশের রয়েছে। তিনি বলেন, ‘কিন্তু যুক্তরাষ্ট্র হতাশার সঙ্গে লক্ষ করছে, এমন একটি নির্বাচনের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলো এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ৫ জানুয়ারির নির্বাচনে সংসদের অর্ধেকেরও বেশি আসন প্রতিদ্বন্দ্বিতাহীন। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। পরবর্তী সমযে অনুকূল পরিবেশে আমরা নির্বাচনী পর্যবেক্ষক পাঠাতে তৈরি আছি।’

জেন সাকি বলেন, সহিংসতামুক্ত ও ভীতিমুক্ত পরিবেশে নিজেদের জাতীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ বাংলাদেশের মানুষের প্রাপ্য। দেশের রাজনৈতিক নেতৃত্ব—এবং যাঁরা নেতৃত্বদানের আকাঙ্ক্ষা পোষণ করেন—তাঁদের আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে এবং সহিংসতায়
সমর্থন, উসকানিমূলক বক্তব্য ও ভয়ভীতি দেখানো থেকে বিরত থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, সব দলের ও বাংলাদেশি নাগরিকদের স্বাধীন ও শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশের অধিকার রয়েছে। এই মতামত প্রকাশের সুযোগ দেওয়া সরকারের দায়িত্ব, একইভাবে এই সুযোগ শান্তিপূর্ণভাবে ব্যবহার করা বিরোধী দলের দায়িত্ব।