বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘উন্নয়নের জন্য একটা চলনসই গণতন্ত্র হলেই চলে। কিন্তু গণতন্ত্রের নির্বাচনগুলোতে প্রকৃত প্রতিযোগিতা (রিয়্যাল কনটেস্ট) না থাকলে একেবারেই চলে না।’
আশির দশকের তুলনায় নব্বইয়ের দশক থেকে দেশের উন্নয়ন হতে থাকল কেন? গণতন্ত্রের সঙ্গে এর সম্পর্ক আছে কি? এ দুই প্রশ্ন তুলে নিজেই তার জবাব দেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘আমরা যে গণতন্ত্র এনেছি, তাতে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা আছে। তবে মনে রাখতে হবে, ’৯০ থেকে পাঁচ বছর পর পর নির্বাচন হয়েছে। সে নির্বাচনগুলো সুষ্ঠুও হয়েছে বেশ।’
ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) আয়োজিত ‘ডেভেলপমেন্ট আইডিয়াস: লিংকিং রিসার্চ টু পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডেইলি স্টার ভবনে গতকাল শুক্রবার দুটি অধিবেশনে বিভক্ত দিনব্যাপী এ সেমিনারে ১১টি প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রথম অধিবেশনে আইজিসি বাংলাদেশ গবেষণা কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর সুলতান হাফিজ রহমান এবং দ্বিতীয় অধিবেশনে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফাহাদ খলিল সভাপতি ছিলেন।
‘বাংলাদেশের উন্নয়ন বিস্ময়: টেকসই হবে কি?’ শীর্ষক প্রবন্ধে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, জনপ্রতিনিধিরা গত দুই দশকে প্রকল্প নিয়ে গ্রামে গেছেন। এ থেকে দুর্নীতি হয়েছে ঠিক। কিন্তু সামনে নির্বাচন আসবে—এটা তাঁরা জানতেন। সে কারণে জনকল্যাণে অর্থ ব্যয় করতে হয়েছে তাঁদের। তিনি বলেন, সম্প্রতি প্রচারিত হচ্ছে যে বিভিন্ন সূচকে দেশের উন্নয়ন হয়েছে ইদানীংকালে। তা মোটেই সত্যি নয়। ৯০-এর দশক থেকে বিষয়টি শুরু হয়েছে। নোবেলজয়ী অমর্ত্য সেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলার পর থেকে প্রচার পাচ্ছে বেশি। অমর্ত্য সেন দেখিয়েছেন, বাংলাদেশের সামাজিক উন্নয়ন সূচক ভারতের তুলনায় কতটা বেড়েছে, যদিও ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে বেশি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একসময় যে দেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে অপবাদ দেওয়া হয়েছিল, নানা প্রতিকূলতা সত্ত্বেও সেই দেশটি এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসীর কাছে এ এক বিরাট ধাঁধা বা বিস্ময়কর চিহ্ন। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বিশ্বগড়ের তুলনায় বাংলাদেশে বেশি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মাথাপিছু আয় ও ক্রয়ক্ষমতা।
বিশ্ব-বিস্ময়ের আরেকটি ক্ষেত্র হলো বাংলাদেশের সামাজিক উন্নয়ন সূচকের আশাব্যঞ্জক অগ্রগতি—এ কথা উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মোট জিডিপির খুব যে বেশি ব্যয় করেছে সরকার, তা নয়। তার পরও শিশুমৃত্যুর হার রোধ, শিশুদের টিকা দেওয়ার হার বৃদ্ধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নারীশিক্ষার হার বৃদ্ধি ইত্যাদিতে দুই দশকে খুব ভালো করেছে বাংলাদেশ। উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, পাকিস্তান, এমনকি উত্তর ভারতেও নারীর প্রতি বৈষম্য ও পুরুষতান্ত্রিকতার যে দুরবস্থা, তা থেকে বাংলাদেশের অবস্থা অনেক ভালো।
শ্রীলঙ্কা ও ভারতের কেরালায় যে উন্নয়নের জন্য অনেক বেশি অর্থ ব্যয় করতে হয়েছে, বাংলাদেশে তা করতে হয়নি—এ কথা উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘একচিমটি লবণ ও একমুঠো গুড় দিয়ে স্যালাইন বানানোর স্বল্প ব্যয়ের প্রচারণা ডায়রিয়া রোধে কাজে দিয়েছে। অন্যদিকে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ছোট ছোট দলের মাধ্যমে ক্ষুদ্রঋণ দেওয়ার ব্যবস্থাও ভূমিকা রেখেছে ভালো। তিনি বলেন, এখন সাইকেল চালিয়ে মেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে। আবার নারীরা ঘর থেকে বেরিয়ে আসছে জীবনের প্রয়োজনে। যে একবার বিদ্যালয়ে গেছে, আমি মনে করি না সে আর ঘরে ফিরে যাবে।’