নির্বাচনে প্রতিদ্বন্দ্বী উদ্বোধনীতে সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও একসঙ্গে কাজ করার ঘটনা সচরাচর চোখে পড়ে না। এবার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী দুজনকে একসঙ্গে একটি নির্মাণকাজের উদ্বোধন করতে দেখা গেল। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার পাবনার ঈশ্বরদী পৌরসভায়। নির্বাচনে আগ্রহী দুজন হলেন—ঈশ্বরদী পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপির (একাংশ) সমর্থিত মেয়র পদপ্রার্থী মকলেছুর রহমান এবং আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ।তবে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেছেন, মনোনয়নপত্র দাখিলের পর এ ধরনের কাজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। প্রাথমিকভাবে দুজনকেই সতর্ক করে দেওয়া হয়েছে।জানা গেছে, ঈশ্বরদীর মৎস্য বাজারের দোতলায় একটি স্থায়ী মসজিদ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে আসছিলেন। এ জন্য স্থানীয়ভাবে অর্থও সংগ্রহ করা হয়। দোতলার ছাদে কয়েক লাখ টাকা ব্যয়ে মসজিদ নির্মাণকাজের উদ্বোধনের দিন ছিল গত শুক্রবার।মুসল্লিরা জানান, বেলা ১১টায় ঈশ্বরদী পৌরসভার বর্তমান মেয়র মকলেছুর রহমান ও সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে দুজন মিলে ছাদে ইট, বালু ও সিমেন্ট মেশানো মসলা ঢেলে নির্মাণকাজের উদ্বোধন করেন।মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মোশারফ হোসেন বলেন, অতিথি হিসেবে দুই মেয়র প্রার্থীকে একসঙ্গে পেয়ে বাজারের ব্যবসায়ী ও মুসল্লিরা ভীষণ খুশি হয়েছেন। তিনি জানান, একজনকে বাদ রেখে আরেকজনকে ডেকে কাজের উদ্বোধন করালে আমরা বিতর্কিত হয়ে যেতাম। তাই দুজনকেই অনুষ্ঠানে রাখা হয়েছে।কাজের উদ্বোধন করে মোনাজাত শেষে দুই মেয়র প্রার্থী একে অপরের মুখে মিষ্টি তুলে দেন এবং একসঙ্গে ভালো কাজ করার প্রতিশ্রুতি দেন।