নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ৪৪ জন
পৌরসভা নির্বাচনের ৪৪ জন প্রার্থী হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এঁদের মধ্যে মেয়র পদের চারজন, সাধারণ কাউন্সিলর পদের ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের সাতজন প্রার্থী রয়েছেন। এসব প্রার্থীর করা রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুর রহমান ও কামরুন নাহার দীপা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে তিনি প্রথম আলোকে বলেন, এই ৪৪ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা বাতিলের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে আদালত তাঁদের প্রার্থিতা বাতিলের আদেশ অবৈধ ঘোষণা করেছেন। প্রার্থী হিসেবে যেসব সুযোগ-সুবিধা রয়েছে, তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে এই ৪৪ জন প্রার্থী পৌরসভা নির্বাচনে অংশ নিতে পারবেন। তাঁদের প্রতীক বরাদ্দ পাওয়াসহ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।
যাঁরা প্রার্থিতা ফিরে পেলেন: মেয়র পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন মৌলভীবাজার পৌরসভার খিজির আহমেদ, মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার জামান হোসেন, টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভার তারিক উল ইসলাম ও বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার টিপু সুলতান।
কাউন্সিল পদপ্রার্থীরা হলেন: নরসিংদীর মাধবদী পৌরসভার মাসুদ রানা, নাটোর সদরের সাজ্জাদ হোসেন, সারিয়াকান্দির রাশেদ ইসলাম, কুড়িগ্রাম সদরের জামসেদ আলী, ভুয়াপুরের আয়ুব আলী, কুমিল্লার চান্দিনার মোসাদ্দেক আলী মিঞা, কুমিল্লার আরেকটি পৌরসভার তোফায়েল আলম, শরীয়তপুরের জাজিরার নুরুল আলী, কুষ্টিয়া পৌরসভার মিজানুর রহমান, নাজমুল হক ফিরোজ, ছালামত উল্লাহ, পঞ্চগড়ের জাহিদুল ইসলাম, চট্টগ্রামের মীরসরাইয়ের ইকবাল হোসেন, রেজাউল করিম, নুরুল্লাহ ও ফিরোজ উদ্দিন, বগুড়ার আরিফুর রহমান, নাটোরের মোহাম্মদ রফি, বাগেরহাটের মাসুম শেখ, চাঁদপুরের কচুয়া পৌরসভার কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন, কুষ্টিয়ার ফারুক হোসেন, সেলিম রেজা, সিরাজগঞ্জের শাহাজাদপুর পৌরসভার লিয়াকত হোসেন, ভোলা সদরের রুহুল আমিন, ঝালকাঠির নলছিটির মনিরুজ্জামান, জামালপুরের সরিষাবাড়ীর রুহুল আমিন সেলিম, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মেহেদী হাসান, চাঁদপুরের হাজীগঞ্জের আলাউদ্দিন মুন্সি, কুষ্টিয়ার মুছা আলী খান, রাজশাহীর চারঘাটের আজমল হোসেন ও নওহাটার শফিকুল ইসলাম এবং কুষ্টিয়ার খোকশার এম এম রাকিব হোসেন।
প্রার্থিতা ফিরে পাওয়া সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন বাগেরহাটের আলেয়া বেগম, নাটোরের ফরিদা পারভিন, কুষ্টিয়ার নূরজাহান বেগম, সারিয়াকান্দির পিয়ারা বেগম, কুষ্টিয়ার কুমারখালীর অনিমা দত্ত, কুষ্টিয়া সদরের সাবিনা আক্তার ও নাজমা খাতুন।