নির্বাচনে বগুড়ায় তিন স্তরের নিরাপত্তাবলয়
বিএনপি নির্বাচনী মাঠে না থাকলেও বগুড়ার দুটি আসনের ২৬৬টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ২৪১টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ২৫টি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ দিকে ৫ জানুয়ারির নির্বাচনে সহিংসতা ও নাশকতার আশঙ্কা সামনে রেখে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ-র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, প্রত্যেকটি নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার আশঙ্কায় গোয়েন্দাদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে নয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী নির্বাচন বানচাল করতে ভোটকেন্দ্রে সহিংসতা ও নাশকতা চালাতে পারেন বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ জন্য নাশকতা ও সহিংসতার আশঙ্কায় দুটি নির্বাচনী এলাকার সবগুলো ভোটকেন্দ্রেই ঝুঁকিপূর্ণ।
মোজাম্মেল হক আরও জানান, সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ-র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাবলয় গঠন করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তায় থাকবেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ নিরাপত্তা দল হিসেবে প্রস্তুত থাকবে র্যাবের আটটি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সশস্ত্র ২২টি দল। প্রত্যেকটি উপজেলা সদরে এক প্লাটুন করে সেনাবাহিনীর সদস্য মোতায়েন ছাড়াও দুটি নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে দুটি আলাদা স্ট্রাইকিং ফোর্স থাকবে।