বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। আজীবনের জন্য বহিষ্কারের হুমকিও ছিল। কিন্তু এত কিছুর পরও আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলায় ৩১ মার্চ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৩ মার্চ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলার ১২টি ইউনিয়নের পাঁচটিতে আওয়ামী লীগের ও সাতটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, কিচক ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল কাদির চৌধুরী আর বিদ্রোহী প্রার্থী হয়েছেন সামছুল ইসলাম সরকার। আটমূল ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী গোলাম সরোয়ার আর বিদ্রোহী প্রার্থী হয়েছেন বেলাল হোসেন। দেউলী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জাহেদুল ইসলাম আর বিদ্রোহী প্রার্থী আবদুল হাই প্রধান। মোকামতলা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মারুফ রহমান আর বিদ্রোহী প্রার্থী এনামুল হক সরকার ও আবদুল মালেক আকন্দ। রায়নগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আবদুর রশিদ আর বিদ্রোহী প্রার্থী মোহম্মদ শফিউজ্জামান।
এদিকে ময়দানহাটা ইউপিতে বিএনপির প্রার্থী মাহবুব আলম আর বিদ্রোহী প্রার্থী মাহবুব মোর্শেদ। কিচক ইউপিতে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান আর বিদ্রোহী প্রার্থী আফসার আলী। আটমূল ইউপিতে বিএনপির প্রার্থী হয়েছেন মুনসুর রহমান আর বিদ্রোহী প্রার্থী মোজাফ্ফর হোসেন। মাঝিহট্ট ইউপিতে বিএনপির প্রার্থী আকবর আলী আর বিদ্রোহী প্রার্থী মীর্জা গোলাম হাফিজ। শিবগঞ্জ ইউপিতে বিএনপির প্রার্থী তোফায়েল আহমেদ আর বিদ্রোহী প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও আতিকুর রহমান সরকার। দেউলীতে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম আর বিদ্রোহী সিরাজুল ইসলাম। সৈয়দপুর ইউপিতে বিএনপির প্রার্থী আবদুল মান্নান আর বিদ্রোহী মাহমুদ হোসেন।
আওয়ামী লীগের আটমূল ইউপির বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন বলেন, ‘গোটা ইউনিয়ন কমিটি আমার পক্ষে ছিল। উপজেলা কমিটিও আমার পক্ষে সুপারিশ করেছে। তারপরও দল আমাকে মনোনয়ন না দিয়ে গণবিচ্ছিন্ন একজনকে মনোনয়ন দিয়েছে। তাই দল যে সিদ্ধান্তই নিক, এলাকার মানুষের দাবির মুখে আমার নির্বাচন না করে উপায় নেই।’
বিএনপির ময়দানহাটা ইউপির বিদ্রোহী প্রার্থীর বাবা রমজান আলী বলেন, ‘এ ইউনিয়নে আমরাই প্রকৃত বিএনপি। আমরা এ ইউনয়নে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছি। অথচ এখন দল আমাদের মনোনয়ন দেয়নি। এ কারণে আমরা প্রার্থী হয়েছি।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘উপজেলার সৈয়দপুর, দেউলী ও মাঝিহট্টে বিএনপি নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এসব প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অন্য ইউপিগুলোতে বিদ্রোহী প্রার্থীরা বিএনপির সমর্থক। তাই তাঁদের চিঠি দিয়ে নির্বাচন না করে বিএনপির প্রার্থীদের সমর্থন জানাতে অনুরোধ করা হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া সব বিদ্রোহী প্রার্থীকে সাংগঠনিক শাস্তিমূলক পদক্ষেপের আওতায় আনা হবে।’