নির্বাচনে বাড়তি সুবিধা নিতেই বিএনপির হুমকি: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়ার জন্যই আন্দোলনের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আর ওপর দিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে। এই হুমকি নির্বাচনে বাড়তি সুবিধা আদায়ের জন্য। খুলনায় বিএনপির জনসভা কোনো রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি নয়, এটা তাদের নির্বাচনী সভা। তারা আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্যই একের পর এক জনসভা করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, ‘কিছু বুদ্ধিজীবী আছেন, যাঁরা দেশে সংকট আছে বলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিন্তু দেশে কোনো সংকট নেই, তাঁরা পরিবেশ ঘোলাটে করে সংকট তৈরি করতে চান। বিরোধী দল জাতীয় সংসদে এসে দাবি-দাওয়া ও প্রস্তাব দিতে পারে, গ্রহণযোগ্য হলে আমরা তা নিয়ে আলোচনা করব, একটা সমাধানের পথ বের করব।’

হানিফ বলেন, ‘এই সরকারের আমলেই মানবতাবিরোধী অপরাধ মামলায় সাজাপ্রাপ্ত কয়েকজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর করা হবে। তবে, বিচার সম্পন্ন করতে ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে হবে।’

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।