নির্বাচনে বাধা দিলে গ্রেপ্তারের পরামর্শ
আগামী ৫ জানুয়ারির সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক হত্যাকাণ্ডের আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করছে, তাদের দ্রুত গ্রেপ্তারের কথাও বলেছেন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিরা।
গত শুক্রবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত নির্বাচনী আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে এসব কথা বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সভাপতিত্বে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক (রিটার্নিং কর্মকর্তা), পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি বলেছেন, বিএনপি-জামায়াত জোট জ্বালাও-পোড়াও কর্মসূচি থেকে সরে এসে রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু করতে পারে। একই সঙ্গে ভোট গ্রহণের দিন তারা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখতে পারে। এ সময়ে শীর্ষ পর্যায়ের নেতাদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে হবে।
আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে—এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তার করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এখন থেকেই গ্রেপ্তার শুরু না করলে সুষ্ঠুভাবে নির্বাচন করা দুরূহ হয়ে উঠতে পারে।
বৈঠকে বিজিবির প্রতিনিধি জানান, নির্বাচন সামনে রেখে কোনো সন্ত্রাসী যাতে না আসতে পারে, সে লক্ষ্যে সীমান্তে পাহারা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বিজিবি ও বিএসএফ একসঙ্গে কাজ করছে। নিরাপত্তাসংক্রান্ত আরেকটি সংস্থার প্রতিনিধি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার বিবরণ নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তিনি প্রতি জেলায় সমন্বয় সেল গঠন ও নির্বাচনের সময় গাড়ি রিকুইজিশন না করে ভাড়া করা গাড়ি ব্যবহারের পরামর্শ দেন।
বৈঠকে বিভিন্ন আলোচক ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য এখন থেকেই কার্যক্রম শুরু করার জন্য কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।